তিন দিনের সফরে ঢাকায় সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল মনে করেন, বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সমস্যার সমাধান করতে পারলে অনেক পথ পাড়ি দিতে পারবে বাংলাদেশ।
নিশা দেশাই গতকাল শনিবার বাংলাদেশ সফরের প্রথম দিনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এ অভিমত দিয়েছেন। তিনি গতকাল সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসায় নাগরিক সমাজের প্রতিনিধি-দের সঙ্গে মতবিনিময় করেন।
নিশা দেশাই টোকিও থেকে গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকায় এসেছেন।
সাধারণত মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা দায়িত্ব নেওয়ার পর ওই অঞ্চলের দেশগুলোতে পরিচিতিমূলক সফরে যান। নিশা দেশাই এমন এক সময়ে ঢাকায় এসেছেন, যখন নির্বাচনকে কেন্দ্র করে একধরনের রাজনৈতিক সংকট চলছে। সংগত কারণেই তাঁর এই সফরে বিশেষ গুরুত্ব পাবে চলমান রাজনীতি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ঢাকা সফরের প্রথম দিনে নিশা দেশাই মার্কিন দূতাবাসের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।
নাগরিক সমাজের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, গণতন্ত্রের স্বার্থে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অবশ্যই হতে হবে। এর পাশাপাশি দেশের স্বার্থে স্থায়ী রাজনৈতিক সমাধানের কথাও বলেছেন তিনি।
জানা গেছে, বৈঠকে নাগরিক সমাজের এক প্রতিনিধি দেশের উন্নয়নের স্বার্থে সুশীল সমাজকে বিকশিত হতে দেওয়া উচিত বলে মত দেন।
ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের (আইজিএস) পরামর্শক মঞ্জুর হোসেন, অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান, সাংবাদিক মাহফুজউল্লাহ প্রমুখ।
সফরসূচি: কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন আজ সকালে নিশা দেশাই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলবেন। দুপুরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতাদের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন তিনি। এরপর বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বাসায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন। রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে দেখা করবেন তিনি।
সফরের শেষ দিন অর্থাৎ কাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে আলোচনা করবেন নিশা দেশাই। দুপুরে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজসভায় শ্রমসচিব মিকাইল শিপার, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দেখা করবেন। পরে তিনি পর্যায়ক্রমে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।