তিন দিনের সফরে ঢাকায় চীনের প্রতিরক্ষামন্ত্রী
চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুনান তিন দিনের এক সফরে গতকাল শনিবার ঢাকায় এসেছেন। সফরে তিনি ৩৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
গতকাল বিকেলে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এ সময় উপস্থিত ছিলেন।
সফরকালে চীনের প্রতিনিধিদলটির রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে প্রতিনিধিদলটি। সফরে তারা বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।