তিন দিনের সফরে ঢাকায় ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন-সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেন তিন দিনের সফরে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছেন। সফরের প্রথম দিনে তিনি বরিশালে ডেনমার্কের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।
ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তারা গতকাল এ প্রতিবেদককে জানান, বরিশাল সফরের সময় মোনস ইয়েনসেন সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়ক রাস্তা নির্মাণের প্রকল্প দেখেন। ওই প্রকল্প সেখানকার প্রান্তিক নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাঁদের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। দুই বছর মেয়াদি এই পাইলট প্রকল্পে বাংলাদেশ ও ডেনমার্ক যৌথভাবে অর্থায়ন করছে। এ ছাড়া মোনস ইয়েনসেন ও তাঁর সফরসঙ্গী ডেনমার্কের কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কৃষি প্রকল্প ঘুরে দেখেন।
সফরের দ্বিতীয় দিনে মোনস ইয়েনসেন আজ বুধবার গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানা ঘুরে দেখবেন। সরকারের কয়েক মন্ত্রীর সঙ্গেও তাঁর আলোচনার কথা রয়েছে।
সফরের শেষ দিনে কাল বৃহস্পতিবার ইয়েনসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন তিনি বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এক উচ্চপর্যায়ের সম্মেলনেও যোগ দেবেন। তৈরি পোশাকশিল্পের সঙ্গে জড়িতদের গত দুই বছরের অভিজ্ঞতার আলোকে পোশাক খাতকে কীভাবে পরিবশবান্ধব করা যায় এবং তা অন্য খাতে কাজে লাগানোর বিষয় হলো এ সম্মেলনের মূল প্রতিপাদ্য।