তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী সৌদি যাচ্ছেন আজ
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ মঙ্গলবার তিন দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন। আগামীকাল বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হবে।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল সোমবার বিকেলে তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানোর বিষয়টি আসবে।
সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী ৩৪ দেশের সামরিক জোটের প্রসঙ্গটি আসবে কি না—জানতে চাইলে শহীদুল হক সরাসরি কোনো জবাব দেননি। তিনি কেবল বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সৌদি আরব সফরের সময় জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানির সঙ্গে দেখা করতে পারেন। এ ছাড়া তিনি সৌদিপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
অপর একটি সূত্র জানায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শ্রমিকদের উন্নত কর্মপরিবেশসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট নিয়েও আলোচনা হতে পারে। সে ক্ষেত্রে এ জোট সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।