তিন দিনের সেন্টমার্টিন ভ্রমণ ১০ ঘণ্টায় শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে তিন দিনে সেন্টমার্টিন ভ্রমণের কথা বলে প্রায় সাড়ে ৫০০ ভ্রমণকারীকে ১০ ঘণ্টার মধ্যে চট্টগ্রামের সদরঘাটে নামিয়ে দিয়েছে একটি প্রতারকচক্র। এর প্রতিবাদ করায় ভ্রমণকারীদের মারধরও করেছে তারা। এতে ২০ জন আহত হন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘নৌভ্রমণে গিয়ে ভ্রমণকারীদের সঙ্গে আয়োজকদের গন্ডগোল হয়েছে। খবর পেয়ে সদরঘাটে গিয়ে আয়োজকদের কাউকে পাইনি।’আবু হাসান, মো. মুশফিকসহ বিভিন্ন ভ্রমণকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, নামহীন একটি প্রতিষ্ঠান কিছু দিন আগে নগরে পোস্টারিং করে তিন দিনের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের প্রচারণা চালায়। কে এস হাবিব রুবেল নামে এক ব্যক্তি ওই উদ্যোগের প্রধান বলে ভুক্তভোগীরা জানান। জনপ্রতি এক হাজার ৫০০ টাকা করে তাঁরা এই ভ্রমণের জন্য নিবন্ধন করেন। জানা যায়, শুক্রবার সকাল আটটায় ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকে ভ্রমণকারীরা চট্টগ্রামের সদরঘাট থেকে বিআইডব্লিউটিসির জাহাজ এমভি বারআউলিয়াযোগে রওনা হন। কুতুবদিয়া চ্যানেলে গিয়ে জাহাজটি আবার চট্টগ্রামের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ভ্রমণকারীরা প্রতিবাদ জানালে প্রথমে রুবেল ও তাঁর লোকজন তাঁদের ওপর চড়াও হয়। কিন্তু সম্মিলিত প্রতিবাদের মুখে পিছু হটলে ভ্রমণকারীরা রুবেলকে জিন্মি করেন। আয়োজকেরা চট্টগ্রাম ফিরে এসে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। মো. মুশফিক নামে এক ভ্রমণকারী বলেন, সদরঘাটের কাছাকাছি এলে দুটি ট্রলারযোগে কিছু লোক এমভি বারআউলিয়ায় উঠে ভ্রমণকারীদের মারধর শুরু করে রুবেলকে ছাড়িয়ে নেয়। মারধরে অন্তত ২০ জন আহত হন। রুবেলসহ আয়োজকেরা ট্রলারযোগে পালিয়ে যায়। রাত ১০টার দিকে ভ্রমণকারীদের সদরঘাটে নামিয়ে দেওয়া হয়। বিআইডব্লিউটিসির সদরঘাটের একজন তত্ত্বাবধায়ক নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই আয়োজকেরা জাহাজটি ১০ ঘণ্টার জন্য ভাড়া নিয়েছিল। ঘটনার পর থেকে রুবেলের মুঠোফোন বন্ধ রয়েছে। টিকিটে বিভিন্ন ফোন নম্বর লেখা থাকলেও বেশির ভাগ বন্ধ রয়েছে। তবে একটি মুঠোফোন নম্বরে ফোন করা হলে রাসেল নামে একজন বলেন, ‘আমি এটেইন ব্যান্ডের লোক। আমাদের নম্বরগুলো রুবেল টিকিটে ব্যবহার করেছেন। তিনি লোকজনের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছেন। আমাদের টাকা-পয়সাও দেননি।’