তিন দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আবেদনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির তিন মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা চারটি আবেদনের ওপর গতকাল রোববার শুনানি শুরু হয়েছে। আগামী বুধবার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল এসব আবেদনের ওপর প্রথম দিনের শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী বদরুদ্দোজা বাদল। সঙ্গে ছিলেন এ কে এম এহসানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
শুরুতে বদরুদ্দোজা বাদল শুনানি মুলতবির আবেদন জানান। মুলতবির কারণ হিসেবে তিনি বার কাউন্সিলের আসন্ন নির্বাচনের বিষয়টি উল্লেখ করেন। তবে এর বিরোধিতা করে খুরশীদ আলম খান বলেন, বারবার শুনানি মুলতবির আবেদন জানিয়ে সময় নষ্ট করা হচ্ছে। এ ছাড়া এ মামলাগুলোতে যেসব যুক্তির ওপর রুল দেওয়া হয়েছিল, সেগুলো ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিভিন্ন রায়ে মীমাংসা হয়ে গেছে।
পরে মুলতবির আবেদন খারিজ করে আদালত শুনানি শুরুর নির্দেশ দেন। প্রথম দিন আংশিক শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানির পর ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।
নাইকো দুর্নীতি মামলা হয় ২০০৭ সালের ৯ ডিসেম্বর। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ওই বছরের ৯ জুলাই এ মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট রুল দেন। আপিল বিভাগও সেটি বহাল রাখেন।
গ্যাটকো দুর্নীতি মামলা হয় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর। এ মামলায় খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। বিচারিক আদালতে মামলাটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে দুটি পৃথক রিট আবেদন করলে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন আদালত।