
শান্তিতে নোবেল-জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কম্বোডিয়া সফর করেছেন। দেশ তিনটিতে তিনি নতুন সামাজিক ব্যবসার উদ্বোধন করেন। সে সঙ্গে চলমান কিছু সামাজিক ব্যবসা পরিদর্শন করেন। ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এসব কথা বলা হয়।
এই সফরকালে সামাজিক ব্যবসার অর্থায়নের বোর্ড মিটিংয়ে অংশ নেন অধ্যাপক ইউনূস। এ ছাড়া সামাজিক ব্যবসায় বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকোলের সামাজিক ব্যবসা তহবিলের বোর্ড মিটিংয়ে অংশ নেন। চারটি দেশে চারটি প্রকল্প অর্থায়নের জন্য অনুমোদিত হয়। এ ছাড়া ভিন্ন একটি উদ্যোগে ফ্রান্সের চারটি শহরকে সামাজিক ব্যবসার শহর হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
ফ্রান্সের কৃষকদের বড় ধরনের বার্ষিক অনুষ্ঠান আন্তর্জাতিক কৃষিমেলা পরিদর্শন করেন অধ্যাপক ইউনূস। সেখানে দেশটির কৃষিমন্ত্রী স্টেফানে লে ফল তাঁকে অভ্যর্থনা জানান। এ ছাড়া অরগানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সদর দপ্তরে ওইসিডির মহাসচিব ও মেক্সিকোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী এঞ্জেল গুরিয়ার সঙ্গে বৈঠক করেন তিনি।
অধ্যাপক ইউনূস ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে গ্রামীণ আমেরিকার দুটো নতুন শাখা পরিদর্শন করেন। ক্যালিফোর্নিয়া সফরে তিনি সান্তা বারবারায় ওয়েস্টমন্ট কলেজে ভাষণ দেন। কলেজ কর্তৃপক্ষ সেখানে সামাজিক ব্যবসার শহর ও সামাজিক ব্যবসার তহবিল সৃষ্টিতে এবং কলেজে সামাজিক ব্যবসার কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের আগ্রহের কথা জানিয়েছে।
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির চ্যানেল আইল্যান্ড ক্যাম্পাসে অধ্যাপক ইউনূসকে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাশ। বিশ্ববিদ্যালয়টিতে চার বছর আগে অধ্যাপক ইউনূস ইনস্টিটিউট অব সোশ্যাল বিজনেসের উদ্বোধন করেছিলেন।
কম্বোডিয়াতে অধ্যাপক ইউনূস ডানোন কমিউনিটি ফান্ডের বোর্ড মিটিংয়ে অংশ নেন। তিনি ‘১০০০ ফন্টেইনিজ’ পরিদর্শন করেন। তিনি নম্পেনে রয়্যাল ইউনিভার্সিটি অব কম্বোডিয়ায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি কম্বোডিয়ার মাইক্রোফিন্যান্স অ্যাসোসিয়েশনের দেওয়া সংবর্ধনায় যোগ দেন।
অধ্যাপক ইউনূস এই তিন দেশ সফর শেষে ৭ মার্চ ঢাকা ফিরেছেন।