তিন দেশের আমদানি-রপ্তানি বন্ধ
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ট্রাকচালক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে তিন দেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে উভয় পাশে পণ্যবাহী শতাধিক ট্রাক আটকা পড়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর থেকে জানা যায়, বুধবার ভারতের ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা ভারতের এক ট্রাকচালককে মারপিট করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের ট্রাকচালক ও মালিকেরা সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ করে দেন।
ফুলবাড়ীর সিঅ্যান্ডএফ সদস্যদের উদ্ধৃতি দিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম জানান, বিএসএফ সদস্যরা ট্রাকচালককে মারপিট করায় ভারতের ট্রাকচালক ও মালিকেরা সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেন। এরপর থেকে এ বন্দর দিয়ে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।