তিন দেশের সঙ্গে চার চুক্তির খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র, সৌদি আরবের সঙ্গে সংস্কৃতিবিষয়ক এবং কুয়েতের সঙ্গে ভিসা ও সামরিক বিষয়ে চারটি চুক্তির খসড়া অনুমোদন বা অনুসমর্থন প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মন্ত্রিসভার আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি জানান, মালয়েশিয়ার দুটি কোম্পানির সঙ্গে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। কক্সবাজারের মহেশখালীতে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। মালয়েশিয়ার কোম্পানি দুটি হলো, তেনাগা নাসিওনাল বেরহাদ (টিএনবি) ও পাওয়ারটেক এনার্জি।
সচিব জানান, সভায় কুয়েতের সঙ্গে কূটনৈতিক, বিশেষ ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক বিষয়ে একটি চুক্তির খসড়া অনুমোদন হয়, যার মাধ্যমে ওই দেশটিতে অবস্থান করা বাংলাদেশ সেনাবাহিনীর কনটিনজেন্ট অব্যাহত থাকবে। এ ছাড়া সৌদি আরবের সঙ্গে সংস্কৃতিবিষয়ক একটি চুক্তি সইয়ের বিষয়টি অনুমোদন করে মন্ত্রিসভা।
বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন হয়। এ ছাড়া বাংলাদেশ পেটেন্ট আইন ২০১৬, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন ২০১৬, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
২৬ থেকে ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাপান সফরে অনেকগুলো অর্জন আছে। জাপান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।
মিষ্টিমুখ করালেন রেলমন্ত্রী: মেয়ের বাবা হওয়ার আনন্দে মন্ত্রিসভার সদস্যদের মিষ্টিমুখ করান রেলপথমন্ত্রী মুজিবুল হক। মন্ত্রিসভার সদস্যরা তাঁকে অভিনন্দন জানান। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীর কাছে জানতে চান, নবজাতকের নাম রাখা হয়েছে কি না। জবাবে রেলমন্ত্রী বলেন, ‘এটা আপনার জন্য রেখে দিয়েছি।’ প্রধানমন্ত্রী তখন বলেন, নাম রাখার দায়িত্বটা মা-বাবার।
বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সাপ্তাহিক বেগম সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।