পণ্য আমদানি-রপ্তানিতে অতিরিক্ত করের বোঝা দূর করতে তিন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বৈত কর পরিহার-সংক্রান্ত চুক্তির অনুসমর্থন প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। দেশ তিনটি হলো মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।গতকাল সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতেই দ্বৈত কর পরিহার-সংক্রান্ত চুক্তির তিনটি অনুসমর্থন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি অনুমোদন হওয়ায় এখন এসব দেশ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য আমদানি-রপ্তানি করা যাবে।’প্রেসসচিব বলেন, ২০০৮ সালের ৭ অক্টোবর বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে দ্বৈত করারোপ পরিহার-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। একইভাবে চলতি বছরে বাংলাদেশ ও সৌদি আরব এবং বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে দ্বৈত করারোপ-সংক্রান্ত চুক্তি হয়। বৈঠকে এ চুক্তিরই অনুসমর্থন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।জানা গেছে, অনুসমর্থন প্রস্তাব অনুমোদন না হওয়ায় চুক্তিগুলো কার্যকর হচ্ছিল না। ফলে এসব দেশ থেকে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে দ্বৈত কর গুনতে হয়েছে। দুই দেশে কর দেওয়ায় আমদানি ও রপ্তানিকারকেরা এসব দেশের সঙ্গে বাণিজ্যে নিরুৎসাহিত হতেন।