তিন ধানেই মার খেলেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ার ও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার অনেক জমির ফসল। কাঁচা ও আধা পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন বড় মানিকা ইউনিয়নের মইত্তারমার গ্রামের এক কৃষক। ছবিটি বৃহস্পতিবার তোলা ষ প্রথম আলো
জোয়ার ও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার অনেক জমির ফসল। কাঁচা ও আধা পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন বড় মানিকা ইউনিয়নের মইত্তারমার গ্রামের এক কৃষক। ছবিটি বৃহস্পতিবার তোলা ষ প্রথম আলো

ভোলায় আউশ ধান ও আমনের বীজতলা পানিতে নিমজ্জিত। কৃষকেরা আমন লাগাতে পারছেন না। বোরো ও আউশের ক্ষতির পরে আমন আবাদেও বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন জোয়ারের পানিতে প্লাবিত এ জেলার কৃষকেরা।
গতকাল শুক্রবার জেলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা এলাকার দারোগা বাড়ি জামে মসজিদের বারান্দায় বশিরুল্যাহ (৪৫) জুমার নামাজের পর চিন্তিত মুখে বসেছিলেন। পেশায় তিনি কৃষক। বেকার সময়ে নদীতে মাছ ধরতে যান। কিন্তু এবার নদীতে মাছ না থাকায় গোটা মৌসুমে দু-তিন দিন নদীতে গিয়ে আর যাননি। শুষ্ক মুখে তিনি বলেন, ‘মে মাসে বোরো ধানে পাক ধরলে বাঁধ দিয়ে জোয়ার ওঠে। টানা বৃষ্টি আর জোয়ারে খেত ডুবে কয়েক দিনে ধানে পচন ধরে। ফলে ৯৬ শতাংশ জমিতে ৬০ মণ ধান পেলেও ৪০ ভাগ ধান গোলায় ওঠেনি। কালো-চিটে হয়ে গেছে চাল। বীজধানও রাখতে পারিনি। এরপরে আর পানি নামেনি। তাই আউশ চাষের ইচ্ছে হয়নি। আমন চাষের ইচ্ছে ছিল। তিনবার বীজতলা তৈরি করেছি, সব ভেসে গেছে। আর মনে হয় আমন চাষ হবে না। নদীতেও মাছ নেই।’
বশিরুল্যাহর মতো পক্ষিয়া ইউনিয়নের আবুল কাশেম, আবু জাফর; তজুমদ্দিনের লামছি শম্ভুপুর গ্রামের কৃষক নন্দদুলালসহ শত শত কৃষকের এক দশা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, ঘূর্ণিঝড় মহাসেনে জেলার ২৪ হাজার ৭৪ জন কৃষকের ছয় হাজার ৮১১ হেক্টর বোরোসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। যার ফলাফল পড়েছে আউশ ও আমন আবাদে। ভোলার সাত উপজেলায় ৩৮টি ইউনিয়ন প্লাবিত হচ্ছে। এ জন্য এ বছর আউশ আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। যদি প্লাবিত এলাকায় পর্যাপ্ত রোদ না হয় তাহলে লক্ষ্যমাত্রার চেয়ে ২০ ভাগ জমিতে আমন আবাদ কম হবে। গত বছর ভোলার এক লাখ ৮০ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।