তিন ধাপ অগ্রগতিকে তাৎপর্যপূর্ণ দাবি দুদকের
দুর্নীতির সূচকে বাংলাদেশের তিন ধাপ অগ্রগতিকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে দাবি করেছেন রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, এ অগ্রগতি ও সফলতার অংশীদার অবশ্যই দুদক।
গতকাল সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় দুদক আয়োজিত আলোচনা সভায় মো. বদিউজ্জামান এ দাবি করেন।
প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিবিরোধী ভূমিকায় দুদকের উল্লেখযোগ্য অবদান রয়েছে। দুদক চেষ্টা করছে দুর্নীতিমুক্ত দেশ গড়তে।’
এর আগে সকালে মানববন্ধন ও শোভাযাত্রা শেষে দুদকের কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিন বলেন, দুর্নীতির সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। গত বছর দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৩। এবার ১৬তম। এ অগ্রগতিকে টিআইবি বলেছে তাৎপর্যহীন। কিন্তু এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, দুদকের তৎপরতার কারণে বাংলাদেশ দুর্নীতিবিরোধী কাজে তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।
আলোচনা সভায় বদিউজ্জামান সদ্য পাস হওয়া দুদক আইন, ২০১৩-এর সমালোচনা করেন। তিনি বলেন, ‘এ আইনের কারণে দুর্নীতিবিরোধী কাজের গতি বর্তমানে শ্লথ হচ্ছে। আমরা মনে করি এটা সাময়িক।’ দুদক আবার তার শক্তি ফিরে পাবে বলেও মনে করেন তিনি। তিনি আরও বলেন, ‘এ সংশোধনী যাতে বাতিল হয়, আমরা সে চেষ্টা করে যাচ্ছি।’ গত ১০ নভেম্বর জাতীয় সংসদে দুদকের ক্ষমতা খর্ব করে এ বিল পাস করা হয়।