তিন ধাপে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ধাপে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতেন তাঁরা। প্রথমে পরীক্ষার হল থেকে কর্মকর্তা, শিক্ষক বা কর্মচারীর যোগসাজশে প্রশ্ন বের করতেন। এরপর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে দক্ষ কয়েকজন কয়েক মিনিটে পুরো প্রশ্নপত্র সমাধান করতেন। সবশেষে সমাধানগুলো ঘড়িসদৃশ মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীকে পাঠাতেন।ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় মুঠোফোনে উত্তর সরবরাহকারী চক্রের গ্রেপ্তার হওয়া ১০ সদস্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছেন। তাঁদের গত শনি ও রোববার গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২০টি ঘড়িসদৃশ মুঠোফোন ও সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে আনা হয়। তাঁরা এ সময় জালিয়াতির কথা সাংবাদিকদের জানান। এই ১০ জন হলেন: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক মফিজুর রহমান, কফিলউদ্দিন মাহমুদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ সপ্তম সেমিস্টারের ছাত্র রেফায়েত সানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র অমিতাভ চৌধুরী, ফিন্যান্স বিভাগের সান্ধ্যকালীন এমবিএর ছাত্র আবদুল্লাহ আল মামুন, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমান, সাংবাদিকতা বিভাগের প্রাক্তন ছাত্র নুরুল হুদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র রুবেল বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইশতিয়াক আহমেদ ও মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র মো. সাজ্জাদ হোসেন।ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এবং সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা কার্যক্রম চালানোর জন্য ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজ, মিরপুরে সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, বদরুন্নেসা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। তাঁরা এসব কলেজের কিছু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে পরীক্ষার আসন পরিবর্তন করে সুবিধাজনক স্থানে বসার ব্যবস্থা করেন এবং অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীকে আটক না করার জন্য আর্থিক চুক্তিও করেন।ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ও ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘড়িসদৃশ মুঠোফোনের মাধ্যমে জালিয়াতি করেছেন। পরবর্তী পরীক্ষাগুলোতেও এ ধরনের কাজ করার জন্য তাঁরা সক্রিয় ছিলেন। এর আগেও তাঁরা এমন কাজ করে বিপুল অঙ্কের টাকা কামিয়েছেন। তাঁদের মতো আরও কয়েকটি চক্র রয়েছে। এদের অনেকেই বিভিন্ন কোচিং সেন্টারের সঙ্গে জড়িত।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা এক লাখ থেকে দেড় লাখ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার চুক্তি করেন। ইশতিয়াক, রুবেল, সাজ্জাদ, হাবিব পরীক্ষার্থীদের সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। বিনিময়ে তাঁরা কমিশন পান। সানি, মামুন, নুরুল, অমিতাভ প্রশ্নপত্রের প্রতিটি ভাগ সমাধান করার বিনিময়ে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পান। ঘড়িসদৃশ মুঠোফোনগুলো তাঁরা অবৈধভাবে চীন থেকে এনেছেন।ডিবির সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ১০ জনকে সংবাদ ব্রিফিংয়ের পর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী হারুন-অর-রশীদকে আটক রেখে মুক্তিপণ দাবি করার পর শনি ও রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও খিলগাঁও থানাধীন তালতলায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের এই ১০ জনকে আটক করে ডিবি পুলিশ।