তিন নগরে 'লেখাজোকা' কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরলিক্স ও কিশোর আলো আয়োজিত স্বপ্নের গল্প প্রতিযোগিতার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেট, রাজশাহী ও কুমিল্লা নগরে অনুষ্ঠিত হয়েছে ‘লেখাজোকা’ কর্মশালা। লেখা ও আঁকা শেখানোর এ কর্মসূচি নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
সিলেট: নগরের পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে ‘লেখাজোকা’ কর্মশালা শুরু হয়। আড়াই শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে ওই কর্মশালা পরিচালনা করেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা ও চিত্রশিল্পী সুভাষচন্দ্র নাথ। তাঁরা গল্পের ছলে লেখা ও আঁকার কলাকৌশল নিয়ে আলোচনা করেন। এর আগে এক মিনিট করে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, শিক্ষক শিরিন আক্তার, প্রথম আলোর প্রতিনিধি সুমনকুমার দাশ ও সিলেট বন্ধুসভার সভাপতি মোমেন মিয়া।
কুমিল্লা: নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাঠাগার কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী ওই কর্মশালায় দুই শতাধিক ছাত্রী অংশ নেয়। কর্মশালায় গল্প লেখা প্রসঙ্গে বলেন লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। আঁকাআঁকি নিয়ে আলোচনা করেন কুমিল্লা আর্ট স্কুলের সহকারী শিক্ষক ও চিত্রশিল্পী সুলতান শাহরিয়ার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার। কর্মশালায় সূচনা বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। কর্মশালায় শিক্ষার্থীরা নানা ধরনের প্রশ্নের জবাব দিয়ে জিতে নেয় ১০টি পুরস্কার।
রাজশাহী: নগরের বি.বি. হিন্দু একাডেমীতে আয়োজিত কর্মশালায় লেখা নিয়ে বলেন বিশিষ্ট গল্পকার নিরমিন শিমেল। আর আঁকা নিয়ে বলেন চিত্রশিল্পী আসফাকুল আশেকিন। কর্মশালাটি সঞ্চালনা করেন রাজশাহী বন্ধুসভার সভাপতি ফারুক হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।