তিন নদীর ভাঙনে, ১৫০০ ঘড়বাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় তিনটি নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত দুই সপ্তাহে চারটি উপজেলায় প্রায় দেড় হাজার ঘড়বাড়ি, ৩০০ একর আবাদি জমি ও বহু গাছপালা বিলীন হয়েছে।
ইতিমধ্যে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ২৭টি গ্রামের প্রায় চার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা সরকারি জায়গা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে বহু ঘড়বাড়ি।
গত এক সপ্তাহে কয়েকটি গ্রাম ঘুরে নদীভাঙনের ভয়াবহ চিত্র দেখা গেছে। ফুলছড়ি উপজেলার সিংরিয়া গ্রামের আমেনা বেওয়া (৪৮) বললেন, ‘নদী ভাঙার কতা কী কমো বাহে। এ্যাক মাসোত চারব্যার বাড়ি সরাচি। তার পরেও আইতোত নদী ভাঙার ভয়ে হামার ঘরে নিন্দ (ঘুম) ধরে না। ককন জানি ঘর সুদ্দাই ভাঙি নদীত ডুবি যাই। হামরা সোরকারের কাচে কিচু চাইনে, ভাঙার হাত থাকি হামারঘরোক বাঁচাক।’ একই গ্রামের কৃষক আবদুল জলিল (৫০) বললেন, ‘১০ দিনের মদ্দে হামার চারট্যা ঘর, বসতভিটা, দুই বিগে আবাদি জমি নদীত চলি গেচে। বাদ্য হয়া হামরা ছোলপোল নিয়া বানদোত (বাঁধ) থাকপ্যার নাগচি। সেই বানদো আবার নদিত ভাঙি যাবার ধরচে। একন থাকমো কোনটে, খামো কি। এই চিনতাত আচি।’
সাঘাটা উপজেলার বেড়া গ্রামের কফিল উদ্দিন (৫২) ও পাতিলবাড়ি গ্রামের সফিজল হকসহ (৫৮) ১০-১২ জন কৃষক জানান, নদীভাঙনে তাঁরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁরা এখন দিনমজুর হয়ে গেছেন।
হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে তিন থেকে চার ফুট এলাকা বিলীন হচ্ছে। এভাবে ভাঙতে থাকলে অল্প দিনের মধ্যেই গোটা ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে যাবে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানালেও কোনো কাজ হচ্ছে না।
গাইবান্ধা পাউবো কার্যালয় ও ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন জানান, কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ভাঙন তীব্র রূপ নিয়েছে। গত বুধবার পর্যন্ত দুই সপ্তাহে চারটি উপজেলার ১১টি ইউনিয়নের ২৭টি গ্রামের প্রায় দেড় হাজার ঘড়বাড়ি, তিনটি প্রতিষ্ঠান, প্রায় ৩০০ একর আবাদি জমি ও বহু গাছপালা বিলীন হয়। দুই সপ্তাহের ব্যবধানে তিস্তা নদীর ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া, কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘরিয়া, হরিপুর ইউনিয়নের হাজারিরহাট এবং ব্রহ্মপুত্রের ভাঙনে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাটকামারি, কুন্দেরপাড়া ও পারদিয়ারা গ্রামের বিস্তীর্ণ এলাকা বিলীন হয়েছে। এ ছাড়া যমুনার ভাঙনে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনয়নের সিংরিয়া, উড়িয়া ইউনিয়নের রতনপুর, কালাসোনা ও কাউয়াবাধা, ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি, উত্তর খাটিয়ামারি, বাজে তেলকুচি ও কুচখানি, এরেন্ডাবাড়ি ইউনিয়নের আলগারচর, ডাকাতিয়া ও পাগলারচর, গজারিয়া ইউনিয়নের জিগাবাড়ি ও কামারপাড়া, কঞ্চিপাড়া ইউনিয়নের সাতারকান্দি ও পূর্ব কঞ্চিপাড়া; সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর, বেড়া, নলচিয়া, পাতিলবাড়ি, উত্তর দীঘলকান্দি ও দক্ষিণ দীঘলকান্দি গ্রাম অর্ধেকের বেশি বিলীন হয়। গত সোমবার ফুলছড়ি উপজেলার দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালাসোনা গ্রামের দুটি মসজিদ নদীগর্ভে চলে যায়।
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, ব্রহ্মপুত্রের ভাঙনরোধে সিংরিয়া ও রতনপুর এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। যমুনা নদীর হাত থেকে সাঘাটা বন্দর রক্ষায় ১৩৩ কোটি টাকা ব্যয়ে তীর সংরক্ষণ কাজ চলছে। তিস্তার ভাঙনরোধে এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই। তবে ভাঙনরোধে প্রকল্প হাতে নেওয়া হবে।