তিন নবজাতকের দুটি মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকের দুটি আজ মঙ্গলবার সকালে মারা গেছে।

গত শনিবার দুপুরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে তিন নবজাতকের জন্ম দেন গৃহবধূ পাপিয়া বেগম (২৫)।

সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় গ্রামের গৃহবধূ পাপিয়া বেগম বর্তমানে একই উপজেলার ঝড়াবর্ষা গ্রামে বাবার বাড়িতে আছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘চিকিৎসা না পেয়ে আমার দুই সন্তান মারা গেল।’ যে সন্তান বেঁচে আছে, সে যেন সুস্থ থাকে—তিনি সবার কাছে সেই দোয়া চান।

পাপিয়ার পারিবারিক সূত্র জানায়, পাপিয়ার স্বামী আকাশ মিয়া ঢাকায় রিকশাভ্যান মেরামতের কাজ করেন। প্রথমবারের মতো আকাশ-পাপিয়া দম্পতির তিন ছেলে হয়েছিল।

গত শনিবার সকালে পাপিয়া বেগমের প্রসববেদনা উঠলে তাঁকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই দিন দুপুর ১২টার দিকে তিনি তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতকদের ওজন কম থাকায় বিকেলে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর্থিক সামর্থ্য না থাকায় নবজাতকদের নিয়ে গত রোববার বিকেলে পাপিয়া ঝড়াবর্ষা গ্রামে বাবার বাড়িতে চলে যান।

আরও পড়তে ক্লিক করুন:
একসঙ্গে কোলজুড়ে তিন ছেলে