তিন নবজাতকের মৃত্যু: তিন আসামি ফের রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরে তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল আহাদ ও দুই চিকিৎসকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া দুই চিকিৎসক হলেন, ওই হাসপাতালের প্রধান পরামর্শক (নবজাতক) শিশির রঞ্জন দাস (৫৫) ও মেডিকেল অফিসার মোহাম্মদ আফতাব উদ্দিন (২৮)।
গত ৭ অক্টোবর তিন চিকিৎসককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক(এসআই) কমল কৃষ্ণ সাহা। ওই দিন আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। আজ আসামিদের জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২ অক্টোবর রাত ৯টা থেকে ১০টার মধ্যে এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে শিশুদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই ঘটনার পর অন্য অভিভাবকেরা আতঙ্কিত হয়ে তাঁদের শিশুদের নিয়ে ওই হাসপাতাল ত্যাগ করেন। ঘটনার পর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ উধাও হয়ে যায়।
৩ অক্টোবর এই তিন আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁদের আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে এ ঘটনায় ৬ অক্টোবর মামলা করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।