তিন নবজাতকের মৃত্যু তিন চিকিৎসক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালমাটিয়ায় এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুই দিনের রিমান্ড শেষে এশিয়ান কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আবদুল্লাহ আল আহাদ, চিকিৎসক শিশির রঞ্জন দাস ও আফতাব উদ্দিনকে আদালতে হাজির করা হয়। গতকাল রিমান্ডে নেওয়ার কোনো আবেদন না থাকায় আদালত তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আদালত তিনজনের পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে দেন। গত রোববার তিন চিকিৎসককে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
গতকাল আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, আসামি তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় তিন নবজাতকের মৃত্যু হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখা হোক। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।
শুনানি শেষে মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার পর অন্য অভিভাবকেরা আতঙ্কিত হয়ে তাঁদের শিশুদের নিয়ে ওই হাসপাতাল ত্যাগ করেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ উধাও হয়ে যায়। পরে পুলিশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিনজনকে আটক করে।