তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে তিন নবজাতকের মৃত্যুর ঘটনায় লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল আহাদ ও দুই চিকিৎসককে দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন আজ রোববার এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ওই দুই চিকিৎসক হলেন ওই হাসপাতালের প্রধান পরামর্শক (নবজাতক) ডা. শিশির রঞ্জন দাস (৫৫) ও মেডিকেল অফিসার মোহাম্মদ আফতাব উদ্দিন (২৮)।

এর আগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ৫৪ ধারায় এ আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করেন এবং পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, গত ২ অক্টোবর রাত নয়টা থেকে ১২টার মধ্যে ওই হাসপাতালের তিন নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে শিশুদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। চিকিৎসকদের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে ওই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে মর্মে সন্দেহ হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তাঁদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

অন্যদিকে আসামিদের আইনজীবী শরীফউদ্দিন ভুঁইয়া রিমান্ড বাতিলের পাশাপাশি তাঁদের জামিন আবেদন পেশ করেন। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: