ফেনীর পরশুরামে এবারের পৌরসভা নির্বাচনে বেসরকারি সংস্থার (এনজিও) তিনজন নারীকর্মী পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, ঝর্ণা রানী গোলদার, খোদেজা আক্তার ও অংকুরী বালা দেবী।ঝর্ণা রানী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খোদেজা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে। তাঁরা দুজনই ব্র্যাকের স্বাস্থ্যসেবা কর্মসূচির মাঠকর্মী। অন্যদিকে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অংকুরী বালা দেবী। তিনি স্থানীয় ওপেকের হিসাবরক্ষক পদে কর্মরত আছেন।ঝর্ণা রানী গোলদার বলেন, ‘বেসরকারি সংস্থায় কাজ করার সুবাদে বিভিন্ন বাড়ি যাওয়ায় লোকজনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই সাহস থেকে নির্বাচনে অংশ নিয়েছি। ভোটাররা চাইলে জয়লাভ করব।’খোদেজা আক্তার জানান, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর তিনি এত দিন মানুষকে সচেতন করে এসেছেন। কাউন্সিলর নির্বাচিত হলে তিনি এ কাজগুলোই আরও ব্যাপক পরিসরে করবেন।অংকুরী বালা দেবী জানান, নারীরাও চাইলে জনপ্রতিনিধি হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তিনি সেই উন্নয়নের অংশীদার হতে চান।পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পৌরসভার সংরক্ষিত আসনের জন্য মোট ১১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁদের মধ্যে তিনজন এনজিওকর্মী, দুজন দর্জিশ্রমিক এবং অন্যরা গৃহিণী হিসেবে তাঁদের মনোনয়নপত্রে উল্লেখ করেছেন।