তিন নারী ও নারী ক্রিকেট দল পেল নাসরীন স্মৃতিপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার শারীরিক প্রতিবন্ধী মর্জিনা এবার বিএ শেষ বর্ষের ছাত্রী। তিনি নিজে দরিদ্র ও বঞ্চিত শিশুদের জন্য গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। দিনাজপুরের রাজিয়া সুলতানা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন আগেই। এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। যৌন হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান রংপুরের মরিয়ম বেগম। আর নারীরাও যে ক্রিকেট খেলতে পারে, তা প্রমাণ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সমাজ পরিবর্তনে কাজের স্বীকৃতিস্বরূপ এই তিন নারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ‘নাসরীন স্মৃতিপদক ২০১৬’ দিয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ।
গতকাল ছায়ানট মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। ক্রেস্ট, সনদ, ২০ হাজার টাকার চেক, উত্তরীয় এবং ফুল দিয়ে সম্মাননা জানানো হয় বিজয়ীদের।
অনুষ্ঠানে জানানো হয়, অ্যাকশনএইড বাংলাদেশের প্রয়াত এদেশীয় পরিচালক নাসরীন হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানটি ২০০৭ সাল থেকে এ পদক দিচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে সম্মাননাপ্রাপ্তদের সংক্ষিপ্ত কর্মজীবন তুলে ধরা হয়। সম্মাননা পাওয়া নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের এদেশীয় পরিচালক ফারাহ্ কবির সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান, অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সদস্য মনসুর আহমেদ চৌধুরী, ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।