তিন নারীকে কীর্তিমতী সম্মাননা দিল স্কয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৬’ পেলেন তাঁরা। (বাঁ থেকে) কুড়িগ্রামের লাইলী বেগম, চট্টগ্রামের রমা চৌধুরী ও পাবনার নুরুন্নাহার বেগম। ছবি: হাসান রাজা
নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৬’ পেলেন তাঁরা। (বাঁ থেকে) কুড়িগ্রামের লাইলী বেগম, চট্টগ্রামের রমা চৌধুরী ও পাবনার নুরুন্নাহার বেগম। ছবি: হাসান রাজা

নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য তিন কৃতী নারী পেয়েছেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০১৬’। এই তিন নারী হলেন সাংবাদিকতায় লাইলী বেগম, হিতৈষী শাখায় মুক্তিযোদ্ধা ও লেখক রমা চৌধুরী, আর ব্যবসায় উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন নারী কৃষক নুরুন্নাহার বেগম।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই তিন নারীকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সম্মাননা দিয়েছে।
এই তিন নারীকে সম্মাননা দেওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, সাংবাদিক লাইলী বেগম কুড়িগ্রামের জেলা প্রতিনিধি হিসেবে গণমাধ্যমে সামাজিক অসংগতি, শিক্ষা, কৃষি, যোগাযোগব্যবস্থা, অন্যান্য ক্ষেত্রে দুরবস্থা, অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনযুদ্ধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। নিজের লেখনীর মাধ্যমে একক সংগ্রামে দেশের মানুষের কাছে স্বাধীনতার বাণী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিরলস কাজ করে যাচ্ছেন রমা চৌধুরী। আর পাবনার ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জনকারী নুরুন্নাহার বেগম। তিনি জাতীয় স্বর্ণপদকও পেয়েছেন।
অনুষ্ঠানের এই তিন কীর্তিমতীর হাতে ক্রেস্ট ও এক লাখ টাকা করে তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার সভাপতি নিহাদ কবির এবং বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান করভি রাখশান্দ।

অঞ্জন চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, এ ধরনের সম্মাননা ভবিষ্যতে আরও নারীকে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, স্কয়ারে ২৫ শতাংশ কর্মী নারী। নারীদের এগিয়ে যাওয়ার পথে সবাইকে যার যার অবস্থান থেকে সহায়তা করতে হবে, নারীদের পাশে থাকতে হবে।

সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার সদ্য পাস হওয়া বাল্যবিবাহ নিরোধ আইনের সমালোচনা করেন। তিনি আইনটি সংশোধন করার আহ্বান জানান।

নিহাদ কবির বলেন, ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে একটি কম বয়সী মেয়েকে প্রতিনিয়ত যে ধর্ষণের শিকার হতে হবে, সেখান থেকে তাকে কে রক্ষা করবে। তিনি বলেন, যে যুক্তি দেখিয়ে এই আইনটি করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশ করেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী।