তিন নারীর প্রকাশক হয়ে ওঠার গল্প
বইয়ের প্রতি ভালোবাসা থেকে তিন নারী বই প্রকাশের সঙ্গে যুক্ত হয়ে হয়েছেন প্রকাশক। দিনে দিনে অভিজ্ঞতা সঞ্চয় করে শিল্প ও পুঁজিকে একীভূত করে হয়েছেন দক্ষ। তাঁরা সংখ্যায় কম হলেও কাজের অভিজ্ঞতা থেকে মনে করেন, প্রকাশনাশিল্পে মেয়েরা ভালো করবেন। এবারের বইমেলা নিয়েও তাঁদের প্রত্যাশা অনেক। প্রথম আলোর সঙ্গে নিজেদের কথা ভাগ করে নিয়েছেন রুম্মান তার্শফিক, শাম্মী আক্তার ও মুক্তা মজুমদার শ্রাবণী।
‘বয়স কম থাকায় প্রকাশক পরিচয় দিতে লজ্জা পেতাম’
২০১৯ সালের বইমেলা ঘিরে প্রথম যখন পাঁচটি বই প্রকাশ করেন, তখন নিজস্ব কোনো স্টল ছিল না। অন্য দুটি স্টলে বই রাখেন। বই বিক্রির টাকার ২০ শতাংশ স্টল দুটিকে দিতে হয়েছে। তবে এটাকে ক্ষতি মনে না করে প্রকাশক হিসেবে অভিজ্ঞতা সঞ্চয় ভাবতেই ভালোবাসেন পেন্ডুলাম পাবলিশার্সের তরুণ প্রকাশক রুম্মান তার্শফিক (২৫)। প্রকাশক হবেন, এমন পণ করার পর ২০১৭ সাল থেকে মুঠো মুঠো করে অভিজ্ঞতা কুড়াচ্ছেন। একটি প্রকাশনীতে এক বছর বিনা বেতনে কাজ করেছেন। ২০১৯ সালে যখন প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করেন, তখন বয়স ছিল মাত্র ২১ বছর। এত কম বয়সের প্রকাশক? অনেকের দৃষ্টিতে বিস্ময়-অবিশ্বাস দেখেছেন। এ কারণে তখন প্রকাশক পরিচয় দিতে লজ্জা পেতেন। ২০২০ সাল থেকে বই প্রকাশের সংখ্যা বাড়িয়েছেন চার-পাঁচ গুণ। সেই সঙ্গে নিজস্ব স্টলও নেওয়া শুরু করেছেন। লেখা পাওয়ার ক্ষেত্রে লেখকদের যথেষ্ট সহায়তা পেলেও বই বাঁধাই করতে গেলে ‘পাত্তা পেতেন না একদম’। তিনি কী বলছেন, তাতে কান না দিয়ে সঙ্গে থাকা পুরুষ সহকর্মীর সঙ্গে কথা বলতেন বাঁধাইয়ের লোকজন। এ অভিজ্ঞতা থেকে এ বছর নিজের আটজনের দলে রেখেছেন বাঁধাইয়ের একজন লোকও। ২০১৯ সালে ৮০ হাজার টাকা ধার করে বই প্রকাশ করেছিলেন। এবার বইমেলায় নিজের পকেট থেকে পাঁচ টাকা লাখ খরচ করছেন।
প্রকাশক হিসেবে নিজেকে গড়ে তোলার এই দৃঢ়তা নিশ্চয় হুট করে তৈরি হয়নি? জবাবে রুম্মান তার্শফিক বললেন, ‘আমি প্রকাশকই হতে চেয়েছি। সেই ছোটবেলা থেকেই।’ পেছনের গল্পটা বলতে গিয়ে বললেন, ২০০৪ সালে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবার সঙ্গে বইমেলায় গিয়েছিলেন। বাবা ইমদাদুল হক মিলনের একটি বই খুঁজতে গিয়ে যে স্টলে গিয়েছিলেন, সেখানে ইমদাদুল হক মিলন ও মুহম্মদ জাফর ইকবাল বসেছিলেন। বাবা মুহম্মদ জাফর ইকবালের একটি বই কিনে দেওয়ার পর লেখক অটোগ্রাফ দিতে গেলে তিনি (রুম্মান) তীব্র আপত্তি জানান।
রুম্মান বলেন, ‘আমি লেখককে বলছিলাম, অটোগ্রাফ কী? লেখক বললেন, “তুমি যে আমার বই কিনেছ, সেখানে আমি আমার নাম লিখে দেব।” আমি বললাম, না না, আমার বইয়ে আমার নাম থাকবে। তখন তিনি হেসে বইয়ের ভেতর ব্লক লেটারে আমার নাম লিখে দেন।’ তিনি বলেন, ‘বাবা খুব বিব্রত হচ্ছিলেন। পরে আসার সময় আমাকে শেখালেন, অটোগ্রাফ কী, লেখক কত গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রকাশকের সঙ্গে লেখকদের কত সুসম্পর্ক থাকে। সেটা শুনে আমি বললাম, আমি বড় হয়ে প্রকাশক হব।’ সেটা এমনই অটুট লক্ষ্য যে মা–বাবা দন্তচিকিৎসক বানাতে সিটি ডেন্টাল কলেজ ভর্তি করলেও শেষ পর্যন্ত তিনি প্রকাশকই হয়েছেন।
রুম্মান জানালেন, এ বছর বই প্রকাশের ক্ষেত্রে সতর্ক রয়েছেন। মেলাজুড়ে ১৮টি বই প্রকাশ করবেন। কোভিড পরিস্থিতিতে গত বছর ক্ষতির মুখে পড়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে বেশির ভাগ বই ১০০-২০০ কপির বেশি ছাপাচ্ছেন না।
‘উল্টো পথে যাত্রা করে কাজ শিখেছি’
প্রকাশক হতে শুরুতে রীতিমতো লড়াই করতে হয়েছে শাম্মী আক্তারকে (৩৬)। বলা যায়, কাজ শিখতে উল্টো দিকে হাঁটতে হয়েছে তাঁকে। কীভাবে করলে কাজটা ঠিকঠাক হবে, সে উপায় কেউ বলে দেননি। ছাপানোর কাজ বুঝতে এক পুরুষ প্রকাশকের কাছে সামান্য সাহায্য চেয়েছিলেন। ওই প্রকাশক বললেন, ‘লেখকের লেখা নিয়ে চলে যান প্রেসে।’ তিনি লেখা পেনড্রাইভে ভরে প্রেসে চলে গেলেন। প্রেসের লোক বললেন, ‘এটা দিয়ে কী করব? প্লেট করে নিয়ে আসেন।’ কোথায় প্লেট হয়, জেনে নিয়ে সেখানে গিয়ে পেনড্রাইভ দিতেই ওই লোক বললেন, ‘ট্রেসিং পেপারে করে আনেন, তাহলেই প্লেট হবে।’ ওই লোকের কাছে ট্রেসিং পেপারের জায়গা চিনে নিয়ে সেখানে গেলেন। শাম্মী আক্তার প্রথম আলোকে বলেন, ‘এভাবে উল্টো পথে যাত্রা করে কাজ শিখেছি। কাঁটাবনে কনকর্ড এম্পোরিয়ামে যেই প্রকাশকেরা বসতেন, তাঁদের মধ্যে আমিই একমাত্র নারী ছিলাম।’
শাম্মী ২০১৩ সাল থেকে চিত্রা প্রকাশনীর প্রকাশক। বয়স ছিল ২৭ বছর। ২০০৮ সালে আত্মীয় খোরশেদ বাহার শখের প্রকাশনাটি গড়ে তুললেও ব্যবসার কাজের জন্য সময় দিতে পারতেন না। এর পুরো দায়িত্ব তিনি তুলে দেন শাম্মী আক্তারের হাতে। শাম্মী বললেন, ‘ওই সময় আমার মেয়ের বয়স ছিল দেড়-দুই বছর। স্বাধীনভাবে কিছু করতে চাইছিলাম। ছোটবেলা থেকে বইপোকা ছিলাম। তাই প্রকাশনাশিল্প আমাকে খুব টেনেছিল।’ তিনি রাজশাহী কলেজ থেকে প্রাণিবিদ্যায় মাস্টার্স করলেও প্রকাশক হওয়ার পর এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষারও প্রয়োজনীতা অনুভব করলেন। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ থেকে মাস্টার্স করেন। ২০১৯ সালে তিনি ধী প্রকাশ নামে নিজস্ব আরেকটি প্রকাশনা গড়ে তোলেন। এই প্রকাশনা থেকে শিশুতোষ বই বেশি প্রকাশ হয়। তবে বইমেলাতে চিত্রা প্রকাশনী থেকেই স্টল করেন।
২০১৪ সালে প্রথমবার বইমেলায় স্টল নিয়ে চিত্রা প্রকাশনী সব ধারার নয়টি বই প্রকাশ করেছিল। ২০২০ সালে ৩০টি বই প্রকাশ করে। ২০২১ সালে কোভিড পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হয়ে এবার সতর্কতার সঙ্গে এগোচ্ছে। প্রকাশ করতে যাচ্ছে ১০টি বই।
চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে শাম্মী বললেন, বই ছাপার কাজে নারী-পুরুষের ঝুঁকি একই। শিল্প-সাহিত্যের বিষয় হলেও এটা ব্যবসাও। পুঁজি খাটাতে হয়। টিকে থাকতে হয়। তথ্যপ্রযুক্তির এই সময়ে বইয়ের প্রতি অনেকের বিমুখতা তৈরি হচ্ছে। সেভাবে পাঠক তৈরি হচ্ছে না। অথচ বইয়ের স্থির তথ্যে যে আত্মিক অনুভূতি হয়, সেটা ডিভাইসে পাওয়া সম্ভব নয়।
‘ইশ! কেউ যদি স্টলে বসতে দিত!’
২০০৪ সালে রাজধানীর ইডেন মহিলা কলেজে ব্যবস্থাপনায় সম্মান শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুর সঙ্গে বইমেলায় এসেছিলেন মুক্তা মজুমদার শ্রাবণী (৩৭)। বন্ধুর পরিচিত প্রকাশকের লিটল ম্যাগ স্টল ছিল। বেশ কয়েক দিন যাওয়ার পর মনে হলো, ‘ইশ! কেউ যদি স্টলে বসতে দিত! তাহলে বই বিক্রি করতে পারতাম!’ বইয়ের প্রতি ভালোবাসা তো সেই ছোটবেলা থেকেই। তাঁর সেই মনের আশা শিগগিরই পূরণ হয়েছিল। ওই স্টলেই বইয়ের গন্ধে মাখামাখি হয়ে তিনি পাঠকের হাতে বই তুলে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। মনের ভেতর অবচেতনে থেকে যাওয়া ইচ্ছা পরিপূর্ণ আকার ধারণ করে ২০১৮ সালে। সেই বছর তিনি প্রকাশক হিসেবে গড়ে তোলেন নিজস্ব প্রকাশনী সংস্থা আনন্দম। এর আগে প্রকাশক হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল ২০১৭ সালে। প্রকাশনা ব্যবসায় ক্ষতির মুখে পড়া বন্ধুকে তিনিসহ কয়েক বন্ধু মিলে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। বন্ধুকে সাহায্য করতে এসে বই প্রকাশের কাজ শেখেন। সেই সঙ্গে উপলব্ধি করেন, প্রকাশনাশিল্পে সততা খুব জরুরি। সেই সঙ্গে তরুণ লেখকদের জন্য জায়গা সৃষ্টি করা প্রয়োজন। শুধু খ্যাতনামাদের পেছনে দৌড়ালেই হবে না।
আনন্দমের প্রকাশক মুক্তা মজুমদার শ্রাবণী বলেন, ‘আমার প্রকাশনীতে খ্যাতনামা জনপ্রিয় লেখকের বই নেই। তাঁদের পেছনে যা বিনিয়োগ করব, তার চেয়ে নতুন ও তরুণ লেখকদের জন্য সুযোগ তৈরি করতে বেশি পছন্দ করি। কবিতার বই-ই বেশি বের করি। বরাবরই কবিতার বইয়ের পাঠক কম। তাই বই কম বিক্রি হবে, সে ভাবনা মাথায় রেখে ব্যবসায়িক পরিকল্পনা সাজাতে হয়। তরুণ লেখকেরা বই ছাপার খরচ নিজেরা বহন করেন। আমি সেই বই বিক্রি করি।’
মুক্তা মজুমদার জানান, ২০১৮ সালে বইমেলায় তাঁর প্রকাশনীর নিজস্ব স্টল ছিল না। ১৮টি বই অন্য একটি স্টলে রেখেছিলেন। ২০১৯ সালে বইমেলা উপলক্ষে ৪০টি বই প্রকাশ করে নিজস্ব স্টলে রাখেন। এবার বইমেলাজুড়ে ১২টি বই প্রকাশ করবেন। তিনি বলেন, বইয়ের সঙ্গে থাকতে পারাটাই তাঁর কাছে অসাধারণ লাগে। এক অন্য রকম ভালো লাগা কাজ করে।