তিন নারীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় তিন নারীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়।
মিরপুরের কাফরুলে পশ্চিম বাইশটেকির একটি বাসা থেকে ফারজানা আক্তার (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী জুয়েল রানার সঙ্গে মনোমালিন্যের কারণে ফারজানা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ আহমেদ বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফারজানা আত্মহত্যা করেন। গতকাল বেলা ১১টায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। জুয়েল রানাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
হাজারীবাগে স্বামীর নির্যাতনে গুরুতর আহত সারা আক্তার (২০) নামে এক গৃহবধূ মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৬ ডিসেম্বর হাজারীবাগের এনায়েতগঞ্জের একটি বাসায় স্বামী ইউসুফ মোহন স্ত্রী সারার গায়ে গরম পানি ঢেলে দেন। মারাত্মক দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে মোহন পলাতক রয়েছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, নারী নির্যাতনের এই ঘটনায় সারার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। তবে পুলিশ মামলার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সারার স্বামী মোহনকে আটকের চেষ্টা চলছে।
রাজধানীর শেরেবাংলা নগরের তালতলায় নিপা খাতুন (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। তালতলার সরদার টাওয়ারে এক আইনজীবীর বাসার একটি কক্ষ ভাড়া (সাবলেট) নেন নিপা। এক বান্ধবীর সঙ্গে থাকতেন তিনি। দুজনই এ বছর এইচএসসি পাস করেন।
শেরেবাংলা নগর থানার এসআই মীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে ওই বান্ধবী বাসার বাইরে গেলে ঘরের গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেন নিপা। দরজা বন্ধ দেখে বাসার লোকজন থানায় খবর দেয়। রাত ১১টার দিকে নিপার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিপার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এদিকে সচিবালয় প্রাঙ্গণে গতকাল বিকেলে ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক শ্রমিক মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর এলাকায়। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় থাকতেন।
জাহাঙ্গীরের সহকর্মী আবুল কালাম বলেন, বিকেল চারটার দিকে সচিবালয়ের পরিত্যক্ত কিছু মালামাল ট্রাকে তুলছিলেন জাহাঙ্গীর। তখন চালক ট্রাক চালানো শুরু করলে তা সামনের দিকে না গিয়ে পেছনের দিকে চলে যায়। এতে পেছনে থাকা জাহাঙ্গীর ট্রাকচাপায় গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বনানী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ছাত্র আহমেদ ফয়সাল (২০) মারা যান।