তিন নারীসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের গোপীনগর গ্রামের মুদি ব্যবসায়ী আবদুল মজিদ হত্যা মামলায় পুলিশ তিন নারীসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। গত বুধবার আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই তানজির আহমেদ জানান, ২০১২ সালের ২৯ আগস্ট আবদুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ একটি ডোবায় পুঁতে রাখা হয়। এ ঘটনায় ওই বছরের ১ সেপ্টেম্বর নিহত ব্যক্তির বাবা আবদুর রহমান চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
তদন্ত কর্মকর্তা আরও জানান, প্রধান আসামি রুবেল মিয়া ও তাঁর চাচাতো ভাই জুয়েল আহমদ ব্যবসায়ী মজিদকে ঘটনার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
তদন্তে জানা গেছে, ৩ নম্বর আসামি আজাদুর রহমানের শয়নকক্ষে মজিদকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। বাকি আসামি মুহিত মিয়া, আজমান মিয়া, মাসুক মিয়া, আফরোজ মিয়া, শাহীন মিয়া, জুয়েলের মা ডলি বেগম, রুবেলের মা আলমা বেগম ও এক কলেজছাত্রী হত্যার আলামত নষ্টের চেষ্টা করেন। ১১ আসামির মধ্যে রুবেল, জুয়েল ও মাসুক কারাগারে আছেন। আজাদুর ও মুহিত উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আফরোজ পলাতক।