নরসিংদীতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তিন নিরাপত্তাকর্মীকে পুলিশ গতকাল বুধবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।তাঁরা হলেন: ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর গ্রামের সেলিম রেজা (২৮), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহননগর গ্রামের তারজীল হোসেন (৩২) ও নীলফামারীর সদর উপজেলার উত্তর পঞ্চপুর গ্রামের হাফিজুল ইসলাম।আদালত সূত্র জানায়, তিন নিরাপত্তাকর্মীকে দুপুরে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক নিতাই চন্দ্র সাহা শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, আসামিরা প্রথমে ঘটনাটি দুর্ঘটনা দাবি করলেও ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে তার উল্টো ঘটনা। তবে আসামিরা এখনো পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার না করায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।গত সোমবার সন্ধ্যায় ইসলামী ব্যাংক নরসিংদী শাখার নিচতলায় এটিএম বুথের মেশিনে টাকা জমা করার সময় নিরাপত্তাকর্মী সেলিমের গুলিতে ব্যাংক কর্মকর্তা মাহফুজের মৃত্যু হয়। এ ব্যাপারে মাহফুজের বড় ভাই মিজানুর রহমান বাদী হয়ে তিন নিরাপত্তাকর্মীকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।মাহফুজের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নরসিংদীর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ ঢাকার মোহাম্মদীয়া হাউজিংয়ের বাসায় নেওয়া হয়। ঢাকায় এদিন রাতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা গ্রামে নিয়ে যাওয়া হয়। দুপুরে স্থানীয় বোরহানউদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থনে দাফন করা হয়। জানাজায় স্থানীয় সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমসহ গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন।মাহফুজের ভাতিজা সোহাগ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, ছেলের লাশ দেখে মাহফুজের বৃদ্ধ মা হোসনে আরা পাগলপ্রায়। সাত ভাই ও এক বোনের মধ্যে মাহফুজ পঞ্চম। এক বছর আগে তিনি বিয়ে করেন।