জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে। দুর্ঘটনায় কর্তব্যে অবহেলায় রেলওয়ের তিন নিরাপত্তাকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানার পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
রেলওয়ে তদন্ত কমিটির আহ্বায়ক শাহ আলম জানান, ঈশ্বরদী থেকে পার্বতীপুর পর্যন্ত দায়িত্বরত তিন নিরাপত্তাকর্মীকে দায়িত্বে অবহেলার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন প্রহরী আতিকুর রহমান, আলাউদ্দিন ও আজগর আলী। ট্রেনচালক সেলিম হোসেন, উজ্জ্বল হোসেন এবং ট্রেনের পরিচালক (গার্ড) আনোয়ার হোসেনকে পার্বতীপুর রেলওয়ের কার্যালয়ে অবস্থান করার জন্য নির্দেশ দিয়ে তাঁদের সেখানেই রাখা হয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী রেলগেট এলাকায় খুলনা থেকে পার্বতীপুরগামী খুলনা-ঈশ্বরদী-পার্বতীপুর (কেআইপি) ১৩ আপ তেলবাহী ট্রেনটির পেছনের বগি হঠাৎ বিচ্ছিন্ন হলে ঘটনাস্থলে একজন, জয়পুরহাট জেলা হাসপাতালে তিনজন ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজনসহ মোট পাঁচজন মারা যান। আহত হন ১৬ জন। তাঁদের মধ্যে বর্তমানে জয়পুরহাট জেলা হাসপাতালে চারজন এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রাজশাহী রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আউয়াল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির আহ্বায়ক পার্বতীপুর রেলওয়ের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম জানান, তদন্ত কমিটির সদস্যরা গতকাল শুক্রবার সকাল থেকেই তদন্তের কাজ শুরু করেছেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে সেখানকার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।
জয়পুরহাটের জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম জানান, তাঁরা ঘটনাস্থল, হাসপাতাল এবং রেলওয়ে স্টেশনের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন।
গতকাল ঘটনাস্থল পাঁচবিবির খাসবাগুড়ী গ্রামের প্রত্যক্ষদর্শী মামুনুর রশিদ ও গৃহবধূ ফরিদা বেগম জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে পেছন থেকে ট্যাংকলরির চারটি বগি দাঁড়ানো সামনের বগিগুলোকে ধাক্কা দিলে বিকট শব্দ হয় এবং ট্রেন কিছুক্ষণ আগে-পিছে আসা-যাওয়া করে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
ফরিদা বেগম আরও জানান, ঘটনার সঙ্গে সঙ্গে গ্রামবাসী ছুটে এলে মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ট্রেনের বগিগুলোকে জোড়া দিয়ে চালক ট্রেন নিয়ে চলে যান। সান্তাহার জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, বৃহস্পতিবার রাতেই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।