তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ এনে দলের শীর্ষস্থানীয় তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। ১০ দিন পর গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের গণেশতলায় দলের কার্যালয়ের তালা খোলার পর তাঁরা ওই ঘোষণা দেন।
ওই তিন নেতা হলেন জেলা মহিলা দলের সভানেত্রী সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজনূর রহমান শাহ চৌধুরী ওরফে মুকুর চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান।
১৫ মার্চ তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর সদরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের কাছে পরাজিত হন। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা ১৫ মার্চ রাতেই জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ১০ দিন পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীরা ওই তালা খুলে তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বিএনপির নেতা-কর্মীরা জানান, সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান মুকুর চৌধুরী, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান ও জেলা কমিটির সদস্য সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন। দল মোকাররমকে সমর্থন দেয়। নির্বাচনের শেষ মুহূর্তে মুকুর ও আখতারুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালটে তাঁদের প্রতীক রয়ে যায়।
পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মোকাররম হোসেন গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে এবারই প্রথম আওয়ামী লীগের প্রার্থী জয় পেলেন। অথচ এটা বিএনপির সিট। আমার হেরে যাওয়ার কথা নয়। আওয়ামী লীগের কারণেও পরাজয় হয়নি। দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধিতার কারণে হেরে গেছি।’
নেতাদের নাম ধরে মোকাররম অভিযোগ করেন, রেজিনা ইসলাম, মুকুর চৌধুরী, আকতারুজ্জামান, হাসানুজ্জামান, জেলা কমিটির একাধিক সহসভাপতিসহ শীর্ষ কয়েকজন নেতা নির্বাচনে তাঁর বিপক্ষে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। গত সোমবার রাতে দিনাজপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ঢাকায় গিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ওই নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ করেছেন এবং দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
জেলা যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা দলে কোনো কোন্দল চাই না। কিন্তু উপজেলা নির্বাচনে দলের প্রার্থীর পরাজয় ডেকে আনা হয়েছে। এটি কেবল ওই প্রার্থীর নয়, দলেরও পরাজয় হয়েছে।’ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তফা কামাল জানতে চান, দলের জ্যেষ্ঠ নেতারা যদি শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে নিচের সারির নেতা-কর্মীরা কিসের চর্চা করবেন। তিনি বলেন, ‘মুখে গণতন্ত্রের কথা বললে চলবে না, বাস্তবে প্রয়োগ থাকতে হবে। সদর উপজেলা নির্বাচনে শত শত নেতা-কর্মী-সমর্থক হাড়ভাঙা পরিশ্রম করেছেন। কিন্তু দলের শীর্ষ নেতাদের ষড়যন্ত্রের কারণে দল-সমর্থিত প্রার্থীর পরাজয় কর্মীদের বিক্ষুব্ধ করেছে। এর বহিঃপ্রকাশ ঘটাতে ১৫ মার্চ রাতে জেলা বিএনপির কার্যালয়ে তালা দেওয়া হয়েছিল।’
যোগাযোগ করা হলে মুকুর চৌধুরী বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সময় এলে সব সত্য বেরিয়ে আসবে। তিনি দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে দাবি করেন। রেজিনা ইসলাম বলেন, তিনি দল-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যানের প্রচারকাজে ব্যস্ত ছিলেন। চেয়ারম্যান প্রার্থীর বিরোধিতার অভিযোগ তিনি অস্বীকার করেন। জেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, চেয়ারপারসনের সঙ্গে বৈঠকের পর গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা দিনাজপুরে আসেন। এর পরই বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কার্যালয়ে গিয়ে তালা খুলে দেন।