তিন নেতানির্ভর বগুড়া জেলা বিএনপি
তিন মাস পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি বগুড়া জেলা বিএনপি। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দল পরিচালনা করছেন। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বলে দলের একাংশের নেতারা মনে করছেন।তবে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, বিভিন্ন কারণে পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। একটি তালিকা করা হয়েছে। অচিরেই জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।দলীয় সূত্রে জানা গেছে, ইতিপূর্বে বগুড়ায় বিএনপি ও দলের অঙ্গসংগঠনের কমিটি গঠন গোপন ব্যালটে করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এই পদ্ধতি চালু করেছিলেন। যে কারণে এই পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিয়ে বলা হয়েছিল, এটা তারেক মডেল। কিন্তু তারেক রহমানের অনুপস্থিতিতে জেলা বিএনপির তিনটি পদের নাম কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। এতে দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।দলীয় সূত্র জানায়, গত ৭ এপ্রিল জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয় এবং যত শিগগির সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এর আগে দীর্ঘ দুই বছর জেলা বিএনপি চলেছে আহ্বায়ক কমিটি দিয়ে। ৭৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি থাকা অবস্থায় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উ ৎ সাহ-উদ্দীপনা দেখা গেছে। আহ্বায়ক কমিটির অনেকেই দলের লোভনীয় পদ পাওয়ার আশায় বিভিন্ন কর্মসূচিতে তাঁদের নিজস্ব কর্মিবাহিনী নিয়ে এসেছেন। কিন্তু ৭ এপ্রিল কমিটি ঘোষণার পর আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতার আগ্রহে ভাটা পড়েছে। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাঁদের লাগাতার অনুপস্থিতি কর্মীদের হতাশায় ফেলে দেয়। ফলে জেলা বিএনপির মিটিং-মিছিলে শহরের বাইরে থেকে কর্মী-সমর্থক আনতে হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি না করায় নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন সাবেক নেতা জানান, বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এখন তিন নেতানির্ভর সংগঠন হয়ে দাঁড়িয়েছে। দলে অনেকের পদ না থাকায় আন্দোলনের কর্মসূচিতে কেউ ঝুঁকি নিতে চাইছেন না। ফলে বগুড়ায় আন্দোলন কর্মসূচির নামে চলছে ছবি তোলার প্রতিযোগিতা। হরতালের দিনে নেতারা প্রকাশ্যে না এসে শহরের বিভিন্ন অলি-গলিতে ছবি তুলে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করেন।এমন পরিস্থিতিতে গত ১২ জুলাই জেলা বিএনপির সভাপতির আহ্বানে স্থানীয় একটি মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘বিএনপি আজ ক্ষমতায় না থাকায় উন্নয়ন কর্মকাণ্ড থেকে বগুড়া বঞ্চিত, বগুড়াবাসী আজ অবহেলিত।’ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনের বিএনপির সাংসদ এ কে এম হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার, সোনাতলা উপজেলার চেয়ারম্যান আহসানুল হক তৈয়ব, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান প্রমুখ।