চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয় গত বছরের ২৯ মার্চ। দেড় বছর পেরিয়ে গেলেও তিন সদস্যের এ কমিটির পরিধি আর বাড়েনি। বর্তমানে মেয়াদোত্তীর্ণ এই তিন সদস্যের কমিটি দিয়ে চলছে সাংগঠনিক কার্যক্রম।নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় হতাশা বিরাজ করছে নেতা-কর্মীদের মধ্যে। এখন তাঁদের দাবি, মেয়াদোত্তীর্ণ এ কমিটি বাতিল করে দিয়ে নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার। দলীয় সূত্র জানায়, গত বছরের ২৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তিন সদস্যের কমিটি গঠিত হয়। এতে আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামকে সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক নেসারুল ইসলামকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন সালামকে সাধারণ সম্পাদক করা হয়। এই তিন নেতার মধ্যে দুজন প্রায় এক বছর আগে কমিটি সম্প্রসারণের জন্য একটি তালিকা দেন কেন্দ্রের কাছে।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রেখেছি। এ বিষয়ে অতি দ্রুত আমরা একটি সিদ্ধান্ত নেব।’ সংগঠন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখার তিন সদস্য দুই পক্ষে বিভক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দ্বিধাবিভক্ত সংগঠনের এক পক্ষে আছেন সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম। অপর পক্ষের নেতৃত্বে আছেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি নেসারুল ইসলাম। সম্প্রতি দুই পক্ষের বাইরে আরও একটি পক্ষ সৃষ্টি হয়েছে সংগঠনের অভ্যন্তরে। সংগঠনের আগের কমিটির প্রচার সম্পাদক নুরুল হুদা সোহেল ও নিউটন দত্ত প্রথম আলোকে বলেন, ‘তিন নেতা ১৫ দিনের মধ্যে কমিটি সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেড় বছরেও তাঁরা প্রতিশ্রুতি রাখতে পারেননি।’এ প্রসঙ্গে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, ‘বিভিন্নভাবে যাচাই-বাছাই করার পর আমরা পূর্ণাঙ্গ কমিটির তালিকা করেছি। এ তালিকা গত বছরই কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। তৎকালীন সভাপতি-সাধারণ সম্পাদক বিভিন্ন মামলায় কারাগারে থাকায় কমিটি পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি। তবে আশা করি, নতুন নেতৃত্ব দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেবে।