তিন নেতার মেজবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বাসভবনে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আড্ডা ও মেজবানের আয়োজন ছিল। চট্টগ্রামের ঐতিহ্য মেনে তিন নেতা নগরে গরু-খাসি জবাই করে কর্মী-সমর্থকদের আপ্যায়ন করেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ঈদের দিন বৃহস্পতিবার চারটি ও পরদিন শুক্রবার দুটি গরু জবাই করে চশমা হিলের বাসভবনে মেজবানের আয়োজন করেন। ঈদের পরের দিন দুটি গরু জবাই করে মেহেদীবাগের বাসায় মেজবানের মাংস, পরোটা ও মিষ্টি জর্দার আয়োজন করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই দিন নগরের জামালখান এলাকার একটি কমিউনিটি সেন্টারে গরু জবাই করে মেজবানের মাংস, দুই মণ মাছ দিয়ে নেতা-কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় বিভিন্ন উৎসবের দিনে মেজবানের আয়োজন চলে। তিনি বলেন, ‘চট্টগ্রামের ঐতিহ্য হলো মেজবান। যেকোনো উৎসবে আমি মেজবানের আয়োজন করি। আমরা আনন্দ ভাগাভাগি করি। আড্ডা দিয়ে সময় পার করি। আমার বাসায় কেউ আসলে না খেয়ে যেতে পারবে না। এ জন্য দুদিনে ছয়টি গরু ও নয়টি খাসি জবাই করা হয়েছে।’

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ঈদ উৎসব পালন করেছেন শহরতলি কাট্টলীর পৈতৃক বাড়িতে। সেখানে তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রাত পর্যন্ত সময় কাটান। ঈদের পরের দিন দুটি গরু জবাই করে মেহেদীবাগের বাসায় মেজবানের আয়োজন করেন তিনি। তাঁর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বলেন, সাড়ে ১১ মণ গরুর মাংস ছিল মেজবানে।

আমীর খসরু সাংবাদিকদের বলেন, মেজবানে সাত হাজারের বেশি নেতা-কর্মীর জন্য খাবারের আয়োজন করেছেন। অনেক নেতা-কর্মী জেল থেকে বের হয়েছেন। তাঁরাও এসেছিলেন মেজবানে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে বলব, দেশ এক সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। এই মুহূর্তে দেশ রক্ষা প্রধান কাজ। খালেদা জিয়া যে নির্দেশনা দেবেন, সেটাই করতে হবে। আপনারা চোখ-কান খোলা রাখুন। সতর্ক থাকুন।’ আমীর খসরু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

ঈদের পরের দিন নগরের একটি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করেন শাহাদাত হোসেন। পুরো আয়োজনে নেতা-কর্মীদের খোঁজখবর নেন তিনি। কমিউনিটি সেন্টারে কাওয়ালির গানের আসরও বসেছিল। শাহাদাত হোসেন বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা আনন্দ ভাগাভাগি করতে নেতা-কর্মীদের জন্য মেজবানের ব্যবস্থা করেছি। দূরদূরান্ত থেকে অনেকে এসেছেন।’ শাহাদাত হোসেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন সম্প্রতি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবার মেজবান আয়োজন বাতিল করেন। তাঁর ব্যক্তিগত সহকারী নুরুল আজিম বলেন, স্যার (নোমান) মেজবান বাতিল করে জেলে থাকা নেতা–কর্মীদের পরিবারকে সহযোগিতা করেছেন।