তিন পক্ষ মুখোমুখি, আতঙ্কে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মুখোমুখি অবস্থানে রয়েছে। এ নিয়ে ঘটছে বন্দুকযুদ্ধ। বিবদমান পক্ষগুলো মুখোমুখি অবস্থানে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষ। গত বছরের ১০ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) নামে নতুন আঞ্চলিক রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে জেএসএসের দুই পক্ষের মধ্যকার বিরোধ প্রকাশ্য রূপ নেয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় আদিবাসী সূত্র জানায়, পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ উপজেলার বাবুছড়া ইউনিয়ন নিয়ন্ত্রণ করে থাকে। পার্বত্য চুক্তির পর থেকেই বাবুছড়া তাদের নিয়ন্ত্রণে। ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে জেএসএস (সন্তু) পক্ষ।স্থানীয় আদিবাসীরা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ২০ নভেম্বর নাড়াইছড়ি এলাকার দেওয়ানপাড়া নামক স্থানে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফের মধ্যে দিনভর বন্দুকযুদ্ধ হয়। গত ২৬ জানুয়ারি একই এলাকার দেওয়ানপাড়া কঁইয়াতলীতে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফের মধ্যে পাঁচ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাড়াইছড়ি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৯টি গুলির খোসা উদ্ধার করে। ৮ ফেব্রুয়ারি ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার থেকে তিন কিলোমিটার উত্তরে নোনা কার্বারীপাড়া এলাকায় সন্তু ও ইউপিডিএফের মধ্যে তিন ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়।বাবুছড়ার ইউনিয়নের ধনপাতা, জারুলছড়ি ও নাড়াইছড়ি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আদিবাসী প্রথম আলোকে বলেন, সন্তু ও ইউপিডিএফ এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কয়েকজন প্রবীণ নেতা দল থেকে বের হয়ে জেএসএস (এমএন লারমা) নামের নতুন আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করার পর দীঘিনালা উপজেলা সদরের প্রায় পুরোটা তাদের দখলে চলে যায়। দীঘিনালা উপজেলা পুনরুদ্ধারের জন্য সন্তু পক্ষ লংগদুর আটারকছড়া এলাকায় অবস্থান নেয়।দীঘিনালা-লংগদু সীমান্তবর্তী দাঙ্গাবাজার, আটারকছড়া, অর্পণা কার্বারীপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আদিবাসী জানান, দাঙ্গাবাজার স্টিল সেতুর উত্তর পাশে এমএন লারমা আর দক্ষিণ পাশে সন্তুর পক্ষের অবস্থান। গত ২১ জানুয়ারি লংগদুর দিক থেকে এসে কয়েকজন মোটরসাইকেল আরোহী অতর্কিতে গুলি চালায়। এতে নবম শ্রেণীর ছাত্র রোনাল চাকমা (১৬) গুলিবিদ্ধ হয়। গত ৩১ জানুয়ারি রাতে উপজেলার আটারকছড়া এলাকায় সন্তু পক্ষ ও এমএন লারমার পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ১০ ফেব্রুয়ারি ওই এলাকা থেকে লংগদু তিনটিলা এলাকার সূর্য চাকমাকে (২২) অপহরণ করা হয়। পরে সেনাবাহিনী ১১ ফেব্রুয়ারি শিলছড়ি মুখ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে। সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত তিন পক্ষের ১১ জন কর্মী খুন হয়েছেন। আটারকছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা বলেন, কোন সময় কোন ঘটনা ঘটে, সে জন্য তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী রেশন বিতরণ কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। এখন ভাইকে ভাই গুলি করে মারছে। এটাই কি আমাদের জুম্ম জাতির অধিকার আদায়ের আন্দোলন?’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু) কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য সম্পাদক সজিব চাকমা বলেন, ‘জেএসএস গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমরা হত্যা আর অস্ত্রবাজির রাজনীতিতে বিশ্বাস করি না। নাড়াইছড়ি এলাকার ঘটনা সর্ম্পকে আমার জানা নেই।’জেএসএস (এমএন লারমা) উপজেলা শাখা কমিটির সাবেক আহ্বায়ক প্রশান্ত চাকমা বলেন, ‘সন্তুর পক্ষের লোকজন হঠাৎ করে এসে নিরীহ লোকজনের ওপর গুলিবর্ষণ করে। তারা আমাদের কয়েকজন কর্মীকে হত্যা করেছে। আমরা থানায় মামলাও করেছি। ওদের কাছে অস্ত্র আছে, আর আমরা নিরস্ত্র বলে আইনের আশ্রয় নিই।’ ইউপিডিএফ দীঘিনালা ইউনিটের প্রধান উদয় চাকমা বলেন, ‘আমাদের কর্মীদের ওপর জেএসএস (সন্তু) পক্ষের লোকজন হামলা করছে, অতর্কিতে গুলি চালাচ্ছে।’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএসের দুটি পক্ষ ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।