
১০ ট্রাক অস্ত্র আটক মামলায় আসামি ও সাক্ষীদের জবানবন্দি ও বিবৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের তখনকার হাইকমিশনার মানজার শফিক, তৎকালীন স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক ও হাওয়া ভবনের নাম এসেছিল। তাঁদের মধ্যে কেবল ওমর ফারুককে মামলার সাক্ষী করা হয়। বাকিদের বিষয়টি কেবল জবানবন্দিতেই সীমাবদ্ধ থেকে যায়।
মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, তদন্ত দ্রুত শেষ করে বিচারকাজ এগিয়ে নিতে এই তিন পক্ষকে এড়িয়ে যাওয়া হয়। ২০০৪ সালের ১ এপ্রিল এই অস্ত্রের চালান ধরা পড়ে। প্রায় ১০ বছর পর গত বৃহস্পতিবার ১৪ জনকে ফাঁসির দণ্ড দিয়ে মামলার রায় ঘোষণা করা হয়।
আদালত সূত্র জানায়, খালেদা জিয়ার নাম এসেছিল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি ও তৎকালীন শিল্পসচিব শোয়েব আহমেদের জবানবন্দিতে। ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নজরে এনেছিলেন জেনারেল রুমি। তখন খালেদা জিয়া নিশ্চুপ ছিলেন বলে রুমি তাঁর জবানবন্দিতে উল্লেখ করেন।
আদালত তৎকালীন শিল্পসচিব শোয়েব আহমেদের বিবৃতি ও জেরার বক্তব্যকে গুরুত্বসহকারে আমলে নেন। শোয়েব আহমেদ জবানবন্দিতে বলেন, তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে তাঁর কক্ষে অস্ত্র আটকের বিষয়টি নিয়ে আলোচনা করেন। জবাবে নিজামী বলেছিলেন, ‘দেশের হাইয়েস্ট অথরিটিও এ বিষয়ে অবগত আছেন। সরকার সব ব্যবস্থা নিচ্ছে।’ শোয়েব আহমেদকে নিজামী আরও বলেছিলেন, ‘আপনি কি মনে করেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে কথা বলি নাই?’
পাকিস্তানের তৎকালীন হাইকমিশনারের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার বৈঠকের বিষয়টি আদালতের পর্যবেক্ষণে আসে। উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন জবানবন্দিতে এ বিষয়টি উল্লেখ করেন। একইভাবে হাওয়া ভবনের সঙ্গে উইং কমান্ডার সাহাবউদ্দিনের ঘনিষ্ঠতার কথা জবানবন্দিতে উল্লেখ করেন এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান।
মামলায় এসব বিষয়কে কীভাবে দেখা হয়েছে, জানতে চাইলে মামলার সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ বলেন, ‘আসামি ও সাক্ষীদের বিবৃতিতে খালেদা জিয়া, হাওয়া ভবন ও পাকিস্তানের হাইকমিশনারের প্রসঙ্গ এসেছে। হাওয়া ভবনের সঙ্গে তারেক রহমানের নাম জড়িত। খালেদা জিয়াসহ এই তিন ব্যক্তিকে যদি আসামি করা হতো, তাহলে এই মামলার তদন্ত আরও তিন বছরেও শেষ করা সম্ভব হতো না।’
পিপি কামালউদ্দিন বলেন, ‘বিদেশি হাইকমিশনারদের আসামি করার ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু শক্ত নীতিমালা আছে। এ কারণে এই তিনটি পক্ষকে বাদ দিয়ে বাকিদের তদন্তকারী সংস্থা বিচারের আওতায় এনেছে। তার মানে এই নয় যে খালেদা জিয়াসহ অন্যরা চাঞ্চল্যকর এ ঘটনায় নির্দোষ।’
অস্ত্র আটকের ঘটনা ধামাচাপা দিতে সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে গঠন করা তদন্ত কমিটি চোরাকারবারি হাফিজুর রহমানসহ তিনজনের ওপর সব দায় চাপিয়ে প্রতিবেদন দিয়েছিল। ওই প্রতিবেদনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করা হয়।
কিন্তু অধিকতর তদন্ত শুরু হলে ২০০৯ সালের ২ মার্চ হাফিজুর রহমানই আদালতে জবানবন্দি দিয়ে আসল ঘটনা ফাঁস করে দেন। পরে ওমর ফারুক ১৬৪ ধারায় আদালতে বিবৃতি দেন। ওমর ফারুক বিবৃতি ও জেরায় বলেছিলেন, ‘লুৎফুজ্জামান বাবরের নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইসহ সংশ্লিষ্টদের দায়ী না করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছি।’
মামলার পিপি কামালউদ্দিন আহাম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘২০০৫ সালের অক্টোবরে ঢাকায় গ্রেপ্তার হন হাফিজুর রহমান। এর পরই এই আসামি আসল হোতাদের পরিচয় প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকারের অনীহার কারণে হাফিজের বক্তব্য প্রকাশ পায়নি।’
মিথ্যা প্রতিবেদন দিয়ে অস্ত্র পাচারের ঘটনায় আসল ব্যক্তিদের রক্ষার চেষ্টার জন্য সাবেক স্বরাষ্ট্রসচিব ওমর ফারুককে আসামি করা উচিত ছিল বলে মন্তব্য করেন পিপি কামালউদ্দিন। তিনি বলেন, ‘ওমর ফারুক চারদলীয় জোট সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তাই অস্ত্র আটকের মামলায় তাঁর সামনে দুটি পথ খোলা ছিল। এক. আসল ঘটনা ধামাচাপা দেওয়ায় আসামি হওয়া। দুই. এই মামলার সাক্ষী হয়ে সত্য ঘটনা তুলে ধরা। ওমর ফারুক দ্বিতীয় পথটি বেছে নিয়ে সত্য ঘটনা তুলে ধরেছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বিরুদ্ধে তাঁর এই ঘনিষ্ঠ সহযোগীর সাক্ষ্য অভিযোগ প্রমাণে আমাদের দারুণভাবে সহায়তা করেছে।’
ওমর ফারুক জোট সরকারের আমলে প্রভাবশালী আমলা হিসেবে পরিচিত ছিলেন। চারদলীয় জোট সরকারের আমলে নীতিনির্ধারণেও তিনি ভূমিকা রাখতেন বলে আলোচনা ছিল।
ওমর ফারুক ঢাকা-২০ (ধামরাই) আসনে ২০০৮ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন। এ জন্য তিনি এলাকায় একাধিক নির্বাচনী জনসভাও করেন। ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ জলিল প্রথম আলোকে বলেন, ‘ওমর ফারুকের কারণে ধামরাই বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। একটি ধারা সাবেক সাংসদ জিয়াউর রহমান খান ও অন্যটি ওমর ফারুকের দিকে ছিল।’