তিন পক্ষের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের আলাদা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটির তিনটি পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। গতকাল সোমবার দিনব্যাপী কুমিল্লার তিনটি হোটেলে পর্যায়ক্রমে ওই বৈঠক হয়। বৈঠকে কাল বুধবার রাজধানী ঢাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণর‌্যালি ও ১৪ মার্চ মহাসমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশ নেওয়ার জন্য বলা হয়। একই সঙ্গে দলীয় কোন্দল মিটিয়ে একসঙ্গে কাজ করার জন্য বলা হয়। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হাছান ও সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর নেতৃত্বে তিন সদস্যের একটি দল কুমিল্লায় আসে।তাঁরা সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচরের মিয়ামি হোটেলে এক বৈঠক করেন। ওই বৈঠকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানের অনুসারী ছাত্রলীগের পাঁচ নেতা অংশ নেন। সেখানে ছাত্রলীগের বিভিন্ন কলেজ শাখা কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।বেলা একটায় কুমিল্লা শহরের ক্যাপসিকাম হোটেলে জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হকের অনুসারী পাঁচ ছাত্রলীগ নেতাকে নিয়ে অনুরূপ বৈঠক হয়। এর মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি মনির হোসেন অনুপস্থিত ছিলেন। এতে জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিনসহ অন্যরা অংশ নেন।বেলা তিনটায় শহরের কান্দিরপাড়ের স্পাইসি রেস্তোরাঁয় কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী চার ছাত্রলীগ নেতাকে নিয়ে আরেকটি বৈঠক হয়। ওই বৈঠকে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদাসহ তিন ছাত্রনেতা উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হাছান বলেন, ‘গ্রুপিং যেটাই থাকুক, সেটা আওয়ামী লীগ নেতাদের মধ্যে। কিন্তু ছাত্রলীগকে একসঙ্গে কাজ করতে হবে। তিন পক্ষকেই একসঙ্গে ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। শিগগিরই কমিটির অন্য পদগুলো কেন্দ্রীয় নেতাদের পরামর্শে পূরণ করা হবে।’প্রসঙ্গত, ২০১১ সালের ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর থেকে ছাত্রলীগের মধ্যে তিনটি ধারা সৃষ্টি হয়।