তিন পত্রিকার সংবাদকর্মীদের মিলনমেলা

একসময় এক ছাদের নিচে কাজ করেছেন, আর এখন নানা জায়গায় আলো ছড়াচ্ছেন, এমন শতাধিক গণমাধ্যমকর্মীর মেলা বসেছিল ঢাকা ক্লাবে। মূলত, আজকের কাগজ, ভোরের কাগজ ও প্রথম আলোর সাবেক ও বর্তমান সহকর্মীদের নিয়েই এ মিলনমেলা।
গতকাল সোমবারের এই আয়োজনটির উপলক্ষ ছিল ইফতার। কিন্তু সন্ধ্যাটি ইফতারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বর্তমান ও সাবেকদের আবেগ যেন উপচে পড়ছিল। ইফতারের আগে ও পরে আলাপ, আড্ডায় মেতে ওঠেন তাঁরা। কিছুক্ষণের জন্য ফিরে যান ১০, ২০, ৩০ বছর আগের সময়ে; স্মৃতি হাতড়ে বেড়ান। বক্তব্য দেন অনেকেই।
শুধুই কি হাসিঠাট্টা? ভাবগম্ভীর আলোচনাও হয়েছে। একটা সময়ে এই সাবেকরাই নতুন ধরনের সাংবাদিকতা শুরু করেছিলেন। সাংবাদিকতায় নতুন পথ দেখিয়েছিলেন। তখন শুরুটা ছিল আজকের কাগজ পত্রিকায়। এরপর ভোরের কাগজ হয়ে প্রথম আলো। শুধু তিন কাগজই নয়, আরও নানা পত্রিকা ও টিভি চ্যানেলে তাঁদের সরব উপস্থিতি জানান দিচ্ছে, প্রায় তিন দশক আগের একটি দলগত উদ্ভাবনী চিন্তা কীভাবে সফলতা পেয়েছে। সেই সংবাদকর্মীরাই এখন দেশের বিভিন্ন গণমাধ্যমে নেতৃত্ব দিচ্ছেন। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিয়ে সাংবাদিক তৈরি করছেন। স্মৃতিচারণায় উঠে আসে এ ধরনের নানা কথা।

স্মৃতিচারণা করে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন, আমাদের সময়ডটকম-এর সম্পাদক নাঈমুল ইসলাম খান, চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান, ডিবিসি চ্যানেলের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ডিবিসি চ্যানেলের সম্পাদক প্রণব সাহা, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, কালের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, সমকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফিসহ আরও অনেকে।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত প্রমুখ।

সাবেক সহকর্মীরা সেই সময়ের কাজের পরিবেশ তুলে ধরে বলেন, তখন নানা প্রতিকূলতা ছিল, টানাপোড়েন ছিল। আবার সৌহার্দ্য ছিল। কিন্তু মূল লক্ষ্য ছিল ভালো কিছু করার। আয়োজক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘দেশ এগিয়ে যাক। দেশের কল্যাণ হোক, সেটাই আমরা চেয়েছি এবং সেই লক্ষ্য পূরণে এখনো আমরা সবাই কাজ করে চলেছি।’ শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও ফিচার সম্পাদক সুমনা শারমীন।
আয়োজন যখন শেষ, তখন আসেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন। হয়ে গেল আরেক পশলা আড্ডা-গল্প-গান—‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়...’।