নীলফামারীর জলঢাকা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কারও বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। প্রার্থীরা পথসভা, মাইকিং, জনসংযোগসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন যে যার মতো করে। সবারই চেষ্টা ভোটারদের মন জয় করা। সাধারণ ভোটাররা বলছেন দলীয় বিবেচনায় নয়, যোগ্য প্রার্থী বিবেচনায় তাঁরা ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত মো. মশিউর রহমান, তালা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম এলিচ ও টিউবয়েল প্রতীকে জামায়াতে ইসলামী নেতা স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল।
গতকাল বুধবার সকালে জলঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থী, ভোটার ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার বিভিন্ন হাটবাজার ও লোকসমাগম হয় এমন স্থানে রাস্তার ওপর দড়ি দিয়ে টানানো হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার।
খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী বাজারে কথা হয়, কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি গ্রামের ভোটার মাজেদুল ইসলামের (৪০) সঙ্গে। তিনি বলেন, ‘প্রার্থীরা সবাই একবার করে এসেছেন, ভোট চেয়েছেন। আমরা দেখব যে সবদিক থেকে ভালো, তাঁকেই ভোট দিব।’
বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের মীর মোনায়েম হোসেন (৪০) বলেন, প্রার্থীরা সবাই পরিচিত। এরপরও তাঁদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মশিউর বলেন, আওয়ামী লীগে কোন্দল থাকলেও নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। ফয়সাল মুরাদ বলেন, এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় সরকারি দল বা প্রশাসনের পক্ষে কোনো বাধা আসেনি।
গোলাম আজম এলিচ বলেন, ‘আমাদের কারও বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই।’
সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১৬ সালের ২৮ মে পৌরসভা নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে পৌর মেয়র পদে নির্বাচন করেন। এ কারণে আসনটি শূন্য হয়।