তিন পরিকল্পনাকারীর ব্যাপারে নিশ্চিত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নে আওয়ামী লীগ-যুবলীগের হরতালবিরোধী শোভাযাত্রায় হামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহিদুল ইসলাম। গত সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি পরিকল্পনাকারী ও হামলায় জড়িত অন্তত ২৫ জনের নাম প্রকাশ করেছেন।আসামিদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে পুলিশ এখন পর্যন্ত তিনজন পরিকল্পনাকারীর ব্যাপারে নিশ্চিত হয়েছে। তাঁরা হলেন ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জামায়াতের ইউপির আমির শফিউল আলম নুরী, ভুজপুর এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক আজগর সালেহ এবং জামায়াতের স্থানীয় কর্মী বেলাল উদ্দিন। বেলালই কাজিরহাট জামে মসজিদে প্রথম মাইকে হামলার ডাক দিয়েছিলেন। তাঁদের মধ্যে নুরী গ্রেপ্তার হলেও আজগর সালেহ ও বেলাল পলাতক।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘তিন আসামির জবানবন্দি থেকে হামলার পরিকল্পনাকারীদের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। জবানবন্দির ভিত্তিতে আমরা মাদ্রাসার শিক্ষক আজগর সালেহ এবং মাইকে হামলার জন্য ডাক দেওয়া বেলালকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’জাহিদুল ইসলাম ভুজপুর ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবদলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি কয়েকজন পরিকল্পনাকারীর নাম বললেও নিজে হামলার পরিকল্পনায় ছিলেন না বলে দাবি করেন। তবে পুলিশ কর্মকর্তারা বলেছেন, এভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও জাহিদুল পার পাবেন না। মূল পরিকল্পনার সঙ্গে তিনিও সংশ্লিষ্ট। একই সময় আদালতে জবানবন্দি দেওয়া তৌহিদ সরাসরি হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি একটি লোহার রড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান। ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেন। তবে ভুজপুর ন্যাশনাল উচ্চবিদ্যালয়ের কক্ষে তিনজনকে পিটানো আর কোপানোর নেতৃত্ব দেন শিবির ক্যাডার তৌফিক। হামলার আগেই তাঁর নেতৃত্বে শিবিরের ক্যাডাররা নারায়ণহাট থেকে ভুজপুর ইউনিয়নের কাজিরহাট এসে উপস্থিত হয়েছিল।তৌফিক বর্তমানে পলাতক রয়েছেন। তবে তাঁর ঘনিষ্ঠ সহযোগী নোমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ নোমানকে গ্রেপ্তার করে। ভুজপুরে হামলার ঘটনায় তিন আসামি ছাড়া দুজন সাক্ষীও জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন নবীর হোসেন ও দেলোয়ার হোসেন।