তিন পরিবেশককে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইউরিয়া সারের মজুত নিয়ে কারসাজির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনজন পরিবেশককে (ডিলার) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সরকারিভাবে ইউরিয়া সারের দাম বস্তাপ্রতি ২০০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে কিছু অসাধু পরিবেশক ভর্তুকি পাওয়ার লোভে কৃষি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার যোগসাজশে সারের মজুত বেশি দেখানো শুরু করেন। এতে উপজেলায় সারের কৃত্রিম সংকট ছাড়াও বিতরণে অনিয়ম দেখা দিয়েছে। উপজেলা কৃষি বিভাগ তদন্ত করে এর সত্যতাও পেয়েছে। মজুতে কারসাজির অভিযোগে গত বুধবার সারের পরিবেশক ফারুক আহমেদকে, বরাদ্দ না আনায় তৌহিদুল ইসলামকে ও অন্যকে দিয়ে ব্যবসা পরিচালনার অভিযোগে আজিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইউসুফ আলী, নেত্রকোনা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কাজী নূরুল ইসলাম ও জেলার শস্য উৎপাদন বিশেষজ্ঞ মো. আব্বাস উদ্দিন শনিবার সকাল থেকে সব পরিবেশকের সারের গুদাম পরিদর্শন করেন। গত রোববার প্রশাসনের উদ্যোগে জরুরিভাবে জেলা সদর থেকে ৩০০ বস্তা সার এনে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ রেজাউল করিম জানান, সারের মজুদসংক্রান্ত অনিয়মের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অসাধু পরিবেশকদের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কাজী নূরুল ইসলাম বলেন, সরকারিভাবে ইউরিয়া সারের দাম কমানোর পর সারের মজুত নিয়ে উপজেলা কৃষি বিভাগ থেকে যে প্রতিবেদন পাঠানো হয়েছে, সেটি কোনো গুরুত্ব পাবে না। বরং ওই তালিকায় দেওয়া পরিমাণের চেয়ে মজুত আরও কমবে। এ ছাড়া সারের ব্যাপারে কোনো অনিয়মে কেউ জড়িত থাকলে তাঁর বা তাঁদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।