তিন পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনকে নকল সরবরাহের হাতিয়ার বানিয়েছে তিন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী। আর এ অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সিটি করপোরেশন প্রিমিয়ার কলেজের দুজন এবং গত রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিনে বাঁশখালী কলেজের একজন ছাত্রকে বহিষ্কার করা হয়। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনা ও এর ব্যবহার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এসব শিক্ষার্থী লুকিয়ে মুঠোফোন এনে নকল করার চেষ্টা করে। জানা যায়, গতকাল চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর মো. জাহিদুল হাসান নামের এক ছাত্রের মুঠোফোনের ইনবক্সে ইংরেজি ব্যাকরণের কিছু প্রশ্নের উত্তর দেখতে পান কেন্দ্রের পর্যবেক্ষক। এর কিছুক্ষণ পর অপর ছাত্র আজগর হোসাইনের মুঠোফোনের আউটবক্সে তল্লাশি করে পাঠানো ওই প্রশ্নগুলো পাওয়া যায়। আবু হেনা নামের এক ব্যক্তির মুঠোফোন থেকে এসব প্রশ্নের উত্তর পাঠানো হয় বলে সরকারি মহিলা কলেজ কেন্দ্র সূত্রে জানা যায়। এই দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের ব্যবহূত মুঠোফোন জব্দ করা হয়। এ ব্যাপারে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক হাসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই দুজন সিটি করপোরেশন প্রিমিয়ার কলেজের পরীক্ষার্থী। তাঁদের মুঠোফোন ও উত্তরপত্র বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন সঙ্গে আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।