চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি পর্ষদের বিভিন্ন শাখায় আগামী রোববার প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব পর্ষদ হচ্ছে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটি।প্রশাসন সূত্রে জানা যায়, সিন্ডিকেটে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে; একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে দুটি করে ছয়টি পদে এবং অর্থ কমিটির একটি পদে নির্বাচন হবে।কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৫৪৮ জন শিক্ষক ভোট দেবেন। ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট নেওয়া হবে। গত মঙ্গলবার প্রথম দফা অগ্রিম ভোট হয়। এদিন ৪৫ জন শিক্ষক ভোট দেন। ২৯ জুলাই আরেক দফা ভোট হবে।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের সংগঠন বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ‘হলুদ প্যানেল’ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ ‘সাদা প্যানেল’। নির্বাচনে জয়ের ব্যাপারে উভয় প্যানেলই আশাবাদী।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনার মোহাম্মদ সফিউল আলম বলেন, সিন্ডিকেটের প্রভাষক পদে অর্থনীতি বিভাগের নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, একাডেমিক কাউন্সিলের দুই প্রভাষক পদে আইন বিভাগের এম জসিম আলী চৌধুরী এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিশ্বজিৎ নাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।