তিন পা নিয়ে জন্মানো বাংলাদেশি শিশুটি এখন সুস্থ
শিশুটির নাম চৈতি খাতুন। জন্ম বাংলাদেশের গাজীপুরে। নিম্নাঙ্গে বাড়তি একটি পা নিয়ে জন্মেছিল। ডাক্তারি ভাষায় সমস্যাটার নাম ‘কর্ডিয়াল টুইনিং’। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একদল চিকিৎসক অস্ত্রোপচার করে মেয়েটিকে সারিয়ে তুলেছেন। বার্তা সংস্থা এবিসি নিউজ গতকাল বৃহস্পতিবার জানায়, চৈতি পুরোপুরি সুস্থ আছে।
মোনাশ চিলড্রেনস হসপিটালের শল্যচিকিৎসা বিভাগের প্রধান অধ্যাপক ক্রিস কিম্বার বলেন, এমন বিরল অসুখ নিয়ে মেয়েটি জীবনের প্রথম দুটি বছর যে বেঁচে ছিল, সেটা বিস্ময়কর। এই সমস্যা অত্যন্ত বিরল। সাধারণত এতে আক্রান্ত শিশু মায়ের গর্ভেই প্রাণ হারায় অথবা জন্মের পরপরই।
কিন্তু চৈতি এ ক্ষেত্রে ব্যতিক্রম। সে বাংলাদেশের গ্রামে জন্মেও মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। দেশের প্রধান শিশু হাসপাতালে নেওয়ার পরও তার ভবিষ্যৎ অনিশ্চিত ছিল।
বাংলাদেশি চিকিৎসকেরা চৈতির পেট কেটে অন্ত্রের সঙ্গে ত্বক জুড়ে দেন, যাতে সে আন্ত্রিক জটিলতায় মারা না যায়।
চৈতির মা সীমা খাতুন বলেন, চৈতির জন্মের পর তার কী সমস্যা সেটা বোঝা যাচ্ছিল না। ডাক্তার বলেছিলেন, শিশুটি যমজ হয়ে থাকতে পারে। ব্যাপারটা দুঃখজনক ছিল। কারণ তাঁদের প্রথম সন্তানও অকালে মারা যায়।
চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন চৈতির সহায়তায় এগিয়ে আসে এবং তাকে গত বছর মেলবোর্নে নিয়ে যায়। তিন মাসের প্রস্তুতি শেষে আটজন শল্যচিকিৎসকের একটি দল গত নভেম্বরে আট ঘণ্টা ধরে শিশুটির অস্ত্রোপচার করে।
চিলড্রেনস ফার্স্ট ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চৈতির মা বললেন, তাঁর কাছে অস্ত্রোপচার করানোর জন্য প্রয়োজনীয় টাকাপয়সা ছিল না। তিনি ভেবেছিলেন, এই চিকিৎসা বুঝি অসম্ভবই হয়ে পড়বে।
অস্ত্রোপচারের পর থেকেই একদল চিকিৎসক, নার্স ও থেরাপিস্ট মিলে চৈতির দেখভাল করছেন।
অধ্যাপক কিম্বার বলেন, চৈতির শরীরের অনেক অংশই তাঁদের নতুন করে বানিয়ে দিতে হয়েছে। তার অনেক অঙ্গ দুটো করে ছিল এবং কয়েকটি নিম্নাঙ্গের ভুল অবস্থানে ছিল। সেগুলো ঠিকঠাক করতে হয়েছে। তিনি বলেন, তাঁদের অস্ত্রোপচার এতটা সফল হবে, সেটা কল্পনারও বাইরে ছিল। তাঁরা ঝুঁকি নিয়েছিলেন বলেই চৈতি এখন হাঁটতে ও দৌড়াতে পারে।