তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফারহানা হায়াত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠনের কথা জানানো হয়। গতকাল বুধবার ওই প্রজ্ঞাপন সংশ্লিষ্ট জেলাগুলোতে পৌঁছায়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরোধিতা সত্ত্বেও সরকার তিন পার্বত্য জেলার অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করল। জেএসএসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা অভিযোগ করেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নকে পাশ কাটানোর জন্য জেলা পরিষদগুলো পুনর্গঠন করেছে।
রাঙামাটি জেলা পরিষদ সূত্র জানায়, বৃষকেতু চাকমাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে। বৃষকেতু চাকমা ২০১০ সালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোনীত হয়েছিলেন। পরিষদে বাঙালি তিনজন, চাকমা চারজন, মারমা দুজন, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও পাংখোয়া সম্প্রদায়ের একজন করে এবং একজন করে বাঙালি ও আদিবাসী নারী আছেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও ১৯৯৭ সালে সংশোধিত ১৬(ক) (২), (৪) উপধারা এবং ২০১৪ সালে সংশোধিত ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করেছে বলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়।
১৯৯৭ সালে পার্বত্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন এবং নাম পরিবর্তন করে পার্বত্য জেলা পরিষদ করা হয়। একই বছর আবার আইন সংশোধন করে পরিষদের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত সরকার মনোনীত একজন আদিবাসী চেয়ারম্যানসহ পাঁচ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের বিধান করা হয়। গত বছর আবার আইন সংশোধন করে একজন আদিবাসী চেয়ারম্যান ও বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জন সদস্য নিয়ে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের বিধান করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন জানান, ক্যশৈহ্লা মারমাকে চেয়ারম্যান পদে বহাল রেখে ১৫ সদস্যের বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যবিশিষ্ট কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কংজরী চৌধুরীকে। এই পরিষদে আগের পরিষদের কোনো সদস্যকে রাখা হয়নি।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা}