তিন পার্বত্য জেলা পরিষদ (সংশোধন)বিল সংসদে পাস
তিন পার্বত্য জেলা পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনটি বিল গতকাল রোববার জাতীয় সংসদে পাস হয়েছে।
গতকাল বিল তিনটি সংসদে পাসের প্রস্তাব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিল তিনটি হলো ‘রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’, ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪’। পরে বিলগুলো কণ্ঠভোটে পাস হয়।
বিলগুলো সংসদে উত্থাপনের পর থেকেই এর বিরোধিতা করছে পার্বত্য তিন জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষরা। সম্প্রতি ‘নাগরিক সমাজের’ প্রতিনিধিরাও এ বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনা না করে এই বিল প্রণয়ন করে পার্বত্য চুক্তির লঙ্ঘন করেছে সরকার।
গতকাল সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) বিল-২০১৪ সংসদে উত্থাপন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বিলটি সংসদে উত্থাপন করেন। পরে এটি পরীক্ষা করে ৯০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।