তিন পার্বত্য জেলায় আজ হরতাল ডেকেছে দুটি বাঙালি সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিল করাসহ বিভিন্ন দাবিতে তিন পার্বত্য জেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দুটি বাঙালি সংগঠন। হরতাল আহ্বানকারী সংগঠন দুটি হচ্ছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ। হরতাল কর্মসূচি উপলক্ষে গতকাল রোববার বিকেলে রাঙামাটি শহরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

গতকাল বিকেল পাঁচটায় রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকা থেকে হরতালের সমর্থনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বনরুপা এলাকা ঘুরে আবার কাঁঠালতলীতে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি মো. হাবিবুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. কামাল, প্রচার সম্পাদক মো. আলমগীর, লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বকুল প্রমুখ।

পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি মো. আলকাছ আল মামুন ভূঁইয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে ও শিক্ষার্থী ভর্তিতে পার্বত্য কোটা চালু করা, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিল, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে দুর্বৃত্তদের ধরিয়ে দেওয়া আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।