তিন পার্বত্য জেলায় হরতালের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলায় দুটি বাঙালি সংগঠনের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন, ২০১৩ বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ গতকাল ভোর ছয়টা থেকে এই হরতালের ডাক দেয়।

এদিকে আদিবাসীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি অসম্পূর্ণভাবে ভূমি কমিশন আইন সংসদে উত্থাপন করায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির অভিযোগ, আন্তমন্ত্রণালয় সভায় সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৩টি ধারা যথাযথভাবে প্রতিস্থাপন ছাড়া পার্বত্য ভূমি কমিশন সংশোধিত আইন সংসদে তোলা হয়েছে। তাই এ আইনে ১৯৯৭ সালে সই হওয়া পার্বত্য চুক্তির মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং ভূমি বিরোধ নিষ্পত্তির প্রত্যাশিত স্থায়ী সমাধান সম্ভব হবে না। গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদন এবং ৩ জুন চূড়ান্ত অনুমোদন লাভ করে। গত রোববার বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয়। হরতালে রাঙামাটি শহরের প্রবেশমুখ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়িসহ শহরের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। রাঙামাটি শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের প্রধান সড়কে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বিভিন্ন মহল্লার দোকানপাট খোলা ছিল।

এর আগে একই দাবিতে বাঙালি সংগঠনগুলো তিন দফায় এক দিনের হরতাল, এক দিন সড়ক ও নৌপথ অবরোধ এবং টানা ৭২ ঘণ্টার হরতাল পালন করে। খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, হরতালের প্রথম দিন সকালে হরতাল-সমর্থকেরা জেলার রামগড় উপজেলার জালিয়াপাড়ায় একটি পত্রিকা পুড়িয়ে দিয়েছেন।