তিন পার্বত্য জেলায় হরতালের প্রথম দিনে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে তিনটি পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল রোববার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদন এবং পরে ৩ জুন তা মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন লাভ করে।

পার্বত্য সম-অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য যুব ফ্রন্ট, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নামে পাঁচটি বাঙালি সংগঠন এই হরতালের ডাক দেয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:  

বান্দরবান: হরতালের প্রথম দিন বান্দরবানের বিভিন্ন স্থান থেকে গতকাল পাঁচ পিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে ওই পাঁচজনকে গ্রেপ্তার ছাড়া হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 খাগড়াছড়ি: হরতালের সমর্থনে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। সকালের দিকে যানবাহন না চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

রাঙামাটি: বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে পিকেটাররা। এ ছাড়া কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।