তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল শুরু
তিনটি বাঙালি সংগঠনের ডাকে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আজ মঙ্গলবার ভোর ছয়টায় টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৩ বিল সংসদে তোলার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ এ হরতালের ডাক দিয়েছে।
২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদিত হয় এবং ৩ জুন চূড়ান্ত অনুমোদন লাভ করে। গত রোববার বিলটি জাতীয় সংসদে তোলা হয়।
এর আগে একই দাবিতে বাঙালি সংগঠনগুলো তিন দফায় এক দিন করে হরতাল, এক দিন সড়ক ও নৌপথ অবরোধ এবং একবার টানা ৭২ ঘণ্টার হরতাল পালন করে।
আজ শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতালে রাঙামাটি শহরে পিকেটারদের তত্পরতা তেমন নেই। তবে শহরের প্রবেশমুখ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মানিকছড়ি ও বাংলাদেশ বেতারের পাশের এলাকায় সড়কে অবরোধ সৃষ্টি করা হয়েছে।
রাঙামাটি শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের প্রধান সড়কে অধিকাংশ দোকানপাট খোলেনি। তবে শহরের বিভিন্ন মহল্লা দোকানপাট খোলা রয়েছে।