তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল শেষ
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধিত) আইন, ২০১৩ জাতীয় সংসদে তোলার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকা ৭২ ঘণ্টার হরতাল গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। শেষ দিন গতকাল রাঙামাটিতে আংশিক পালিত হয়েছে। বান্দরবান ও খাগড়াছড়িতে হরতাল হয়নি। খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে গতকাল জেলা সদরে হরতাল ছিল না। উপজেলাগুলোতে হরতাল থাকলেও দুপুর ১২টার পরই প্রত্যাহার করে নেয় হরতাল আহ্বানকারীরা। বান্দরবান প্রতিনিধি জানিয়েছেন, সেখানে হরতাল হয়নি। তবে তিনটি জেলাতেই দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। রাঙামাটি থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শহরে কোনো পিকেটার দেখা যায়নি। অনেক দোকানপাট খোলা ছিল। গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদন এবং ৩ জুন চূড়ান্ত অনুমোদন লাভ করে। গত রোববার বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয়। বোয়ালমারীতে অর্ধদিবস হরতাল পালিত ফরিদপুর অফিস জানিয়েছে, বোয়ালমারীতে গ্রেপ্তার হওয়া দুই ইমামসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে স্থানীয় বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল গতকাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, বাজার বণিক সমিতির অনুরোধ ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগের ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল কমিয়ে আধা বেলা পালনের কথা জানিয়ে বুধবার বিকেলেই মাইকিং করা হয়। হরতাল চলাকালে বোয়ালমারী পৌর এলাকার অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।