তিন পার্বত্য জেলার মধ্যে জিপিএ-৫-এ সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির ফলাফলে তিন পার্বত্য জেলার (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) মধ্যে এবারও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানটির ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। গতকাল বৃহস্পতিবার ফল ঘোষণার পর কলেজ প্রাঙ্গণে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থী ও শিক্ষকেরা। অনেক অভিভাবকও সেখানে উপস্থিত ছিলেন।

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ ইয়াকুব বলেন, এ বছর সারা দেশে পাসের হার কম হওয়ায় গত বছরের চেয়ে এ বিদ্যালয়েও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছু কমেছে। গত বছর জিপিএ-৫ পায় ৩৯ জন।

কলেজের অধ্যক্ষ লে. কর্নেল দিলীপ কুমার রায় বলেন, পরিচালনা পর্ষদের সভাপতি ও বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীনের নির্দেশনায়, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানটি তিন পার্বত্য জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য চেষ্টা করা হবে।

এ ছাড়া বান্দরবান সরকারি বিদ্যালয়ে ১৩ জন, বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৩ জন ও আল ফারুক ইনস্টিটিউটের ৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।