পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গতকাল বুধবার ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের ডাকে এ ধর্মঘট পালন করা হয়। জনসংহতি সমিতি ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ ধর্মঘট ডাকা হয়।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে পাহাড়ি ছাত্র পরিষদও চলমান অসহযোগ আন্দোলনে শামিল হয়েছে। চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা না করা পর্যন্ত ছাত্রসমাজের অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে।
চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের মানববন্ধন: পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার এ কর্মসূচি পালন করা হয়।